সিলেটের কোম্পানীগঞ্জে যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও পর্যটন সুবিধা সম্প্রসারণে নতুন দুটি স্থাপনার উদ্বোধন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা সফরে এসে তিনি কাঁঠালবাড়ি-লাছুখাল সড়কে নবনির্মিত বেইলি ব্রিজ এবং ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রের ১০ নম্বর ঘাটে নির্মিত ‘সাদাপাথর ভিউ পয়েন্ট’ উদ্বোধন করেন।
কাঁঠালবাড়ি-লাছুখাল সড়কে বেইলি ব্রিজটি চালুর ফলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যোগাযোগ ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় মানুষের যাতায়াত, পণ্য পরিবহন ও দৈনন্দিন যোগাযোগ আরও সহজ হবে। ব্রিজটি এ অঞ্চলের সড়ক যোগাযোগব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে, দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথরে পর্যটকদের জন্য নতুন সংযোজন হিসেবে নির্মাণ করা হয়েছে ‘সাদাপাথর ভিউ পয়েন্ট’। ১০ নম্বর ঘাটে নির্মিত দৃষ্টিনন্দন এ স্থাপনা থেকে পর্যটকেরা সাদাপাথরের নদী, পাহাড় ও স্বচ্ছ জলরাশির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
ভিউ পয়েন্টটি চালু হওয়ায় পর্যটকদের ভ্রমণে নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, এ উদ্যোগ পর্যটকদের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময় ও আকর্ষণীয় করার পাশাপাশি স্থানীয় পর্যটনশিল্পের বিকাশেও ভূমিকা রাখবে।
সাম্প্রতিক সময়ে সিলেট-৪ আসনের বিভিন্ন এলাকায় যোগাযোগ অবকাঠামো ও পর্যটন খাতে উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি এসেছে। বিশেষ করে পর্যটন সম্ভাবনাময় কোম্পানীগঞ্জে যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও পর্যটন সুবিধা সম্প্রসারণ স্থানীয় অর্থনীতি এবং জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আবদুল মন্নান মনাফ, সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, সাবেক সভাপতি হাজী মো. সাহাব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. সৈয়দ আলী এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান আলমগীর আলম, ক্ষুদ্রঋণ ও সমবায়বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক উসমান খা, বিএনপি নেতা আবুল কালাম, শাহনেওয়াজ আহমেদ লিটন ও জুয়েল আহমেদ।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক বাবুল আহমেদ ও আরমান আহমেদ, সদস্য মোজাফফর আলী ও সোনা মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশাহ, জিয়া শিশু-কিশোর দলের আজিজুল হক, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইকবাল হোসেন এবং এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আল আমীন সারোয়ারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









