নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মাদক নির্মূলে প্রশাসনকে নির্দেশ দিয়ে বলেন, ‘রূপগঞ্জে মাদক নির্মূলে কোনো আপস হবে না। মাদক ব্যবসায়ী নিজের আত্মীয় এমনকি আমার আপন ভাই হলেও তাকে ছাড় দেওয়া হবে না।’
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় কর্মকর্তারা উপজেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত দাবি-দাওয়া নবনির্বাচিত এমপির কাছে তুলে ধরেন।
মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ‘আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় জনগণের ভোটে আজ আমি সংসদ সদস্য হয়েছি। জনগণ আমাকে ভোট দিয়েছে তাদের সেবা করার জন্য, এলাকার উন্নয়ন করার জন্য। তাই আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন। তিনি অতীতে আন্দোলন-সংগ্রামে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং রূপগঞ্জের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।’
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘তাদের যেকোনো সমস্যা বা প্রতিবন্ধকতা সরাসরি তাকে জানাতে হবে। উপজেলা উন্নয়নকে গতিশীল করতে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।’
উপজেলার প্রধান সমস্যা হিসেবে মাদকের বিস্তারকে উল্লেখ করে নবনির্বাচিত এমপি বলেন, রূপগঞ্জকে মাদকমুক্ত করতেই হবে। মাদক ব্যবসায়ী যদি আমার ভাইও হয়, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি এ বিষয়ে পুলিশ প্রশাসনকে কঠোর ও সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ সময় তিনি অভিযোগ করেন, বিগত ১৭ বছরে রূপগঞ্জের অধিকাংশ সরকারি খাল দখল হয়ে গেছে। এসব খাল দ্রুত উদ্ধার ও পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে রূপগঞ্জে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত সংসদ সদস্য।
সভা শেষে উপস্থিত কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবনির্বাচিত এমপির সঙ্গে মতবিনিময় করেন এবং রূপগঞ্জের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









