চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলি ছোড়ার ঘটনায় পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় মেদিনীপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৫৮ বিজিবি। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক (ভারপ্রাপ্ত অধিনায়ক) মেজর তয়াসীন হাবীব হাসান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মেইন পিলার ৬১/১-এস-এর কাছাকাছি শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার পাশে গুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে মেদিনীপুর ক্যাম্পের বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্ত ও সীমান্তবর্তী জনগণের নিরাপত্তার স্বার্থে পাল্টা ফায়ার করে।
স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে বিজিবি জানায়, একজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের অধীন টুঙ্গী ক্যাম্পের টহল দল তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে বিজিবির মেদিনীপুর ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছে পাল্টা ফায়ার করে।
ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। এ বিষয়ে অধিনায়ক পর্যায়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বানের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজিবি জানায়, সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক ও পেশাদার অবস্থানে রয়েছে। দেশের সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী দায়িত্ব পালন করছে।
একই সঙ্গে সীমান্তবর্তী বাসিন্দাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রমসহ সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিজিবি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









