প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঠিক রাজনীতি, আদর্শ ও দর্শন প্রত্যেক নেতাকর্মীকে ভালোভাবে বুঝতে হবে। যোগ্য নেতাদের উচিত সহকর্মীদের দলের আদর্শ, রাজনীতি ও দর্শন শেখানোর জন্য সময় বের করা। শুধু দল করলেই হবে না, জনগণের রাজনীতি করতে হবে।
তিনি বলেন, শুধু দল করে ক্ষমতায় থাকা যায় না। এর প্রমাণ শেখ হাসিনা। তিনি শুধু দলই করেননি, রাষ্ট্রকেও দলের অঙ্গ বানিয়ে ফেলেছিলেন। পুলিশ ও বিভিন্ন বাহিনীকে দলের অঙ্গ বানিয়েছেন, গণমাধ্যমকে কিনে নিয়েছেন। তারপরও ক্ষমতায় টিকে থাকতে পারেননি। কারণ, যে রাজনৈতিক দল জনগণের রাজনীতি করে না, সেই দল কখনো জনগণের মনিকোঠায় স্থান পেতে পারে না।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বরিশালের গৌরনদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল। উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্যসচিব সফিকুর রহমান শরীফ স্বপন এবং বরিশাল জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু।
এ ছাড়া বক্তব্য দেন নারীনেত্রী তাসলিমা বেগম, উপজেলা যুবদলের সদস্যসচিব মনির হোসেন আকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন বিপ্লব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার আলম পান্নু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা এবং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









