টাঙ্গাইলের ভূঞাপুর বাজার বণিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন খন্দকার জাহাঙ্গীর আলম হৃদয়।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে একমাত্র সাধারণ সম্পাদক পদেই মূল প্রতিদ্বন্দ্বিতা ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে 'আনারস' প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ের হাসি হাসেন খন্দকার জাহাঙ্গীর আলম হৃদয়। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী অন্য দুই প্রার্থী ছিলেন— 'মাছ' প্রতীকের মো. আলীম চকদার এবং 'মোরগ' প্রতীকের সাইফুল ইসলাম বাবু।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সাধারণ সম্পাদক পদ ব্যতীত সভাপতি, সহ-সভাপতি এবং কার্যনির্বাহী সদস্য পদগুলোতে একক প্রার্থী থাকায় তাঁরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এদিকে খন্দকার জাহাঙ্গীর আলম হৃদয়ের বিপুল বিজয়ে ভূঞাপুর বাজারের ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও আনন্দের জোয়ার লক্ষ করা গেছে। জয়ের খবর প্রকাশের পরই ব্যবসায়ী ও সমর্থকদের মিষ্টি বিতরণ করতে দেখা যায়। স্থানীয় ব্যবসায়ী মহলের প্রত্যাশা, নবনির্বাচিত সাধারণ সম্পাদকের সুদৃঢ় নেতৃত্বে ভূঞাপুর বাজারের অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা এবং পারস্পরিক ঐক্য আরও মজবুত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









