মাদক ও অনলাইন জুয়ার করাল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, আধুনিকতার ছোঁয়ায় হাতে স্মার্ট ডিভাইস পেয়ে স্কুল-কলেজপড়ুয়া ছেলেমেয়েরা আজকাল অনলাইন জুয়া ও মাদকের দিকে ঝুঁকে পড়ছে। যুবসমাজকে রক্ষা করতে হলে তাদের আবারও নিয়মিত খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে।
গত শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত 'আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট'-এর ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি উপজেলা ও ইউনিয়নে স্টেডিয়াম বা খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণা বাস্তবায়নে সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। খেলাধুলার জন্য পর্যাপ্ত অবকাঠামো ও স্টেডিয়াম নির্মিত হলে নাগরিকদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত হবে এবং সমাজ থেকে অপরাধপ্রবণতা উল্লেখযোগ্য হারে কমে যাবে।"
কিশোর ও তরুণদের শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে কঠোর বার্তা দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, "সন্ধ্যার পরে স্কুলপড়ুয়া ছেলেমেয়েরা বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা করলে পুলিশ তাদের ধরে থানায় নিয়ে যাবে। পরবর্তীতে তাদের বাইরে থাকার উপযুক্ত কারণ অভিভাবকদের কাছে ব্যাখ্যা করতে হবে। সদুত্তর না মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এ সময় নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, "আমার নির্বাচনী এলাকায় কোনো ব্যক্তিগত বা পছন্দের প্রতিনিধি নেই। কেউ আমার নাম ভাঙিয়ে অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাকে একবগ্গে বয়কট করবেন। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেসবুকে আমার সাথে তোলা কোনো ছবি রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা থেকে বিরত থাকুন।"
এর আগে শুক্রবার সকালে প্রতিমন্ত্রী উপজেলার নাপিতখালী এলাকায় প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি গুরুত্বপূর্ণ সেতুর কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তিনি কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই তা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কড়া তাগিদ দেন।
দিনব্যাপী এই সফরে তিনি উপজেলার বিভিন্ন চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন এবং ভবিষ্যৎ সম্ভাব্য প্রকল্পগুলোর স্থান ঘুরে দেখেন। সবশেষে তিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে সদ্যনির্মিত একটি আধুনিক রেস্টহাউসের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান ও বিভিন্ন পরিদর্শনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ, পিরোজপুর সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায়, স্বরূপকাঠী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সভাপতি কাজী মো. কামাল হোসেন, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আবদুল্লাহ আল-বেরুনী সৈকত, সাবেক যুগ্ম-আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মঈনুল হাসানসহ খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক সাব্বির আহমেদ এবং স্থানীয় রাজনৈতিক ও সুধী সমাজের নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









