পর্তুগালের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর এবার আলোচনায় তার বিখ্যাত ৭ নম্বর জার্সি। রোনালদোর সম্মানে এই জার্সি অবসরে পাঠানো হবে কি না, তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে আন্তর্জাতিক ফুটবলে ফিফার নিয়মের কারণে সেই সুযোগ নেই পর্তুগালের।
পর্তুগালের হয়ে রোনালদোর শেষ ম্যাচ ছিল ২৪ সেপ্টেম্বর ওয়েলসের বিপক্ষে। জাতীয় দলের হয়ে ২৩৪টি ম্যাচ খেলেছেন তিনি। ২০০৩ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের সময় তার জার্সি নম্বর ছিল ১৬। পরে ২০০৮ সালে পান ৭ নম্বর জার্সি। এই জার্সি গায়ে তিনি জিতেছেন ইউরো ২০১৬ ও দুটি নেশনস লিগের শিরোপা।
জাতীয় দলের হয়ে ১৪৬ গোল করে পুরুষ ফুটবলে আন্তর্জাতিক সর্বোচ্চ গোলদাতা রোনালদো। পাশাপাশি জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তার দখলে।
ফুটবলে কোনো খেলোয়াড়ের সম্মানে জার্সি নম্বর অবসরে পাঠানোর প্রচলন থাকলেও আন্তর্জাতিক ফুটবলে এ বিষয়ে ফিফার আলাদা নিয়ম রয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোকে স্কোয়াডের খেলোয়াড়দের জন্য নির্দিষ্ট ধারাবাহিক নম্বর ব্যবহার করতে হয়। ফলে কোনো জাতীয় দল চাইলেও নির্দিষ্ট জার্সি নম্বর অবসরে পাঠাতে পারে না।
পর্তুগাল ইউরোপীয় ফুটবল সংস্থার অধীনে খেলে। ২০২৬ বিশ্বকাপের জন্য প্রতিটি দলের ২৬ সদস্যের স্কোয়াডে ১ থেকে ২৬ পর্যন্ত নম্বর ব্যবহারের নিয়ম রয়েছে।
এর আগে আর্জেন্টিনা ফুটবল সংস্থা কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সম্মানে ১০ নম্বর জার্সি অবসরে পাঠানোর উদ্যোগ নিয়েছিল। তবে ২০০২ বিশ্বকাপের আগে ফিফা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। পরে জার্সিটি পরেছিলেন আরিয়েল ওর্তেগা। যদিও ম্যারাডোনার স্মরণে ইতালির ক্লাব নাপোলি তার ১০ নম্বর জার্সি অবসরে পাঠিয়েছে।
ক্লাব ফুটবলে অবশ্য জার্সি নম্বর অবসরে পাঠানোর একাধিক নজির রয়েছে। ২০২৫ সালে দিয়োগো জোতার মৃত্যুর পর লিভারপুল তার ২০ নম্বর জার্সি অবসরে পাঠায়। এ ছাড়া আয়াক্সে ইয়োহান ক্রুইফের ১৪ নম্বর, এসি মিলানে পাওলো মালদিনির ৩ ও ফ্রাঙ্কো বারেসির ৬ নম্বর এবং বার্মিংহাম সিটিতে জুড বেলিংহামের ২২ নম্বর জার্সিও অবসরে পাঠানো হয়েছে।
রোনালদোর আগে পর্তুগালের ৭ নম্বর জার্সি পরতেন আরেক ব্যালন ডি'অরজয়ী লুইস ফিগো। ২০০৬ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের আগে তিনি এই জার্সি ব্যবহার করেছেন। ফিগোর সঙ্গে একই দলে খেলার সময় রোনালদো পরতেন ১৭ নম্বর জার্সি। পরবর্তী সময়ে রোনালদোর অনুপস্থিতিতে নানি ও রিকার্দো কারেজমাও ৭ নম্বর জার্সি পরেছেন।
সম্প্রতি রোনালদো পর্তুগাল দলের ক্যাম্প ছাড়ার পর তার ৭ নম্বর জার্সি পরেছেন রাফায়েল লেয়াও। ফলে আপাতত পর্তুগালের এই ঐতিহাসিক জার্সি অবসরে পাঠানোর সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









