‘সমবায়ে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা এস এম শরিফুল ইসলাম।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. জসিম উদ্দিন শেখের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, সমবায়ী ও শিক্ষক তপন অধিকারী, সিপন ঘরামী, বেবী পাণ্ডে ও নির্মলেন্দু ঢালী।

বক্তারা বলেন, সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে হবে। সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং কোটালীপাড়ার অর্থনৈতিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় সমবায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সমবায় খাতে বিশেষ অবদান রাখায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









