নওগাঁর মান্দায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীদের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন। প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রশিদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার ওসি আফজাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোখলেছুর রহমান মকে, নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের এজিএম মো. বেদারুল ইসলাম এবং জোতবাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মণ্ডল (সম্রাট)।
এ সময় উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি, সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী সমবায় সমিতি, শ্রেষ্ঠ সমবায়ী ও সফল উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে জোতবাজার বণিক সমবায় সমিতি লিমিটেড ও সতীহাট কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এবং সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী সমবায় সমিতি হিসেবে জোতবাজার বণিক সমবায় সমিতি লিমিটেড সম্মাননা পায়।
শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত হন সচেতন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক বিকাশ কুমার মৈত্রেয়। সফল উদ্যোক্তা হিসেবে সম্মাননা পান কুশুম্বা মধ্যেপাড়া কৃষি সমবায় সমিতি লিমিটেডের সদস্য মোছা. আমিনা খাতুন ও বাঁকাপুর গরু পালন কৃষি সমবায় সমিতি লিমিটেডের সদস্য মোছা. আসিয়া খাতুন।
এ ছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুকে সম্মাননা ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান ইউএনও মোসা. আতিয়া খাতুন। একইভাবে সভাপতিকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









