অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘অর্থনীতি গণতান্ত্রিক না হলে দেশের উন্নতি কম হয়।’’
রবিবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ব্যুরো কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।
বিগত সরকারের বিষয়ে আলোচনা করা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি কোনো সরকারের বিগত দিনের আলোচনায় যেতে চাই না। এটি ওয়েস্ট অব টাইম (সময়ের অপচয়)।’’
আমীর খসরু বলেন, ‘‘অর্থনীতি গণতান্ত্রিক না হলে দেশের উন্নতি কম হয়। অর্থনীতিকে গণতান্ত্রিক করতে পারলে রাজনীতির গণতন্ত্রের একটা পর্যায়ে আমরা যেতে পারব। কিন্তু অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনীতির গণতন্ত্র কোনো দিন কাজ করে না।’’
সঠিক তথ্য না থাকলে স্বচ্ছতা আনা সম্ভব নয় বলে মন্তব্য করে তিনি বলেন, ‘‘আমরা তথ্যের স্বচ্ছতা আনার চেষ্টা করছি। এ লক্ষ্যে আমরা পরিসংখ্যান ব্যুরোকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি। কোনো সরকার দেশের তথ্য নিয়ে প্রতারণা করলে তা নিজের সঙ্গেই প্রতারণার শামিল।’’
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, ‘‘সরকার কোনো ধরনের তথ্য বিকৃত করতে চায় না। পরিসংখ্যান তৈরিতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। মানুষ যেন নির্ভরযোগ্য তথ্য পায়, সে লক্ষ্যেই কাজ করছে সরকার।’’
সরকারি পরিসংখ্যানের নির্ভরযোগ্যতা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন আছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার অর্থনীতির অবস্থা নিয়ে শ্বেতপত্র প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করে।
২০২৪ সালের ডিসেম্বরে জমা দেওয়া প্রতিবেদনে কমিটি বলেছিল, বিগত সরকারের সময়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি, মূল্যস্ফীতিসহ বিভিন্ন সরকারি পরিসংখ্যান বাস্তবতার চেয়ে ফুলিয়ে দেখানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









