শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে একটি করে হাসপাতাল গড়ে তোলা হবে। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে এ পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের চিকিৎসাসেবার বিষয়টি সংসদ সদস্য গুরুত্বপূর্ণভাবে তুলে ধরেছেন। শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার ইতিমধ্যে ছয়টি হাসপাতালে ১০০টি করে শয্যা নির্মাণের পরিকল্পনা করেছে।
তিনি বলেন, দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোর মধ্যে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে প্রাথমিকভাবে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলোতে কেবল শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।
তারেক রহমান বলেন, বর্তমান সরকার দেশের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করছে। শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগও সেই পরিকল্পনার অংশ।
এর আগে দেশের জ্বালানি, শিল্প ও চিকিৎসা খাতের পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিগত শাসনামলে দেশের জ্বালানি ব্যবস্থা আমদানিনির্ভর হয়ে পড়েছে। নিজস্ব খনিজ সম্পদের যথাযথ ব্যবহার না করে আমদানির ওপর নির্ভরতা বাড়ানো হয়েছে। একই সময়ে শিল্পের বিকাশও বাধাগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, ওই সময়ে দেশের চিকিৎসাব্যবস্থা, বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ধীরে ধীরে দুর্বল করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যাতে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য বিশেষ একটি দেশে যেতে বাধ্য হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









