পটুয়াখালীর বাউফলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক সাংবাদিকের স্ত্রীর বিরুদ্ধে অশালীন ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে ‘খবর আছে’ নামের একটি ফেসবুক আইডির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৯ নভেম্বর) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন দৈনিক কালবেলার বাউফল প্রতিনিধি কামরুজ্জামান বাচ্চু। মামলার নম্বর ৩১৩/২০২৬ (বরিশাল)।
মামলার এজাহার ও বাদীপক্ষের আইনজীবী সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর ‘খবর আছে’ নামের একটি ফেসবুক আইডি থেকে সাংবাদিক কামরুজ্জামান বাচ্চুর স্ত্রীর বিরুদ্ধে অশালীন ও মানহানিকর বক্তব্য প্রকাশ করা হয়। এতে তাঁর পরিবারের সামাজিক সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী কে. এম. মাহাবুবুর রহমান সেন্টু বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে একটি মহল মানুষের সম্মানহানি ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ প্রয়োজন। আদালত বিষয়টি আমলে নিয়ে বাউফল থানার ওসিকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ‘খবর আছে’ নামের ওই ফেসবুক আইডি বা পেজ থেকে সাংবাদিক পরিবার ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা, সমাজকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও গৃহিণীরাও এসব প্রচারণার শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট ফেসবুক আইডির পরিচালনাকারীকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









