ধর্মীয় আচার-অনুষ্ঠান, বর্ণিল আলোকসজ্জা ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে উদ্যাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ও রাতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।
কার্তিক মাসের অমাবস্যা তিথি উপলক্ষে দিনভর বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে দেবী শ্যামার পূজা-অর্চনা করেন ভক্তরা। পূজাকে ঘিরে মন্দির ও পূজামণ্ডপগুলোতে ছিল ভক্তদের উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ।
পঞ্জিকা অনুযায়ী, রোববার বেলা ১১টা ৪৮ মিনিটে অমাবস্যা তিথি শুরু হয়ে সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটে শেষ হয়। হিন্দুধর্মীয় শাস্ত্র অনুসারে, দেবী কালী আদ্যাশক্তি মহামায়ার বিশেষ রূপ। অশুভ শক্তির বিনাশ ও শুভশক্তির প্রতিষ্ঠাই শ্যামাপূজার মূল তাৎপর্য।
এদিকে, শ্যামাপূজার পাশাপাশি উদ্যাপিত হয় আলোর উৎসব দীপাবলি। এ উপলক্ষে সন্ধ্যায় বাড়িঘর, মন্দির ও বিভিন্ন স্থানে প্রদীপ প্রজ্বালন করা হয়। অনেকে প্রয়াত পিতা-মাতা, পূর্বপুরুষ ও স্বজনদের স্মরণে প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জানান।
জেলা পূজা উদ্যাপন পরিষদের সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি জানান, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে শ্যামাপূজা ও দীপাবলি উদ্যাপিত হয়েছে। সোমবার বিকেল ও রাতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের আয়োজন শেষ হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









