নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। যশোরসহ সারা দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার ঘোষণা দেন তাঁরা।
জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা বলেন, ছাত্রলীগের ধর্মঘটের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যেকোনো নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে তিন সংগঠন ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। যশোরের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তাঁরা সতর্ক রয়েছেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল ও আরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানসহ তিন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









