পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর খুলনা বিভাগীয় পর্যায়ের নারী বিভাগে নড়াইল জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাগুরা জেলা নারী কাবাডি দল।
সোমবার (৯ নভেম্বর) খুলনা জেলা পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত ফাইনালে মাগুরা ৩৩ পয়েন্ট অর্জন করে। বিপরীতে নড়াইল জেলা দল পায় ২৭ পয়েন্ট। ফলে ৬ পয়েন্টের ব্যবধানে জয় নিয়ে শিরোপা ঘরে তোলে মাগুরার মেয়েরা।
খুলনা বিভাগের ১০টি জেলার অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় নড়াইলের মতো অভিজ্ঞ দলকে হারিয়ে মাগুরার এ অর্জনে জেলার ক্রীড়াঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে।
মাগুরা জেলা নারী কাবাডি দলের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় ছিলেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম)। দলের তত্ত্বাবধানে ছিলেন সাবেক জাতীয় ও আন্তর্জাতিক কাবাডি খেলোয়াড় এবং মাগুরা জেলা নারী ও পুরুষ কাবাডি দলের কোচ মো. সাজিদ হোসেন।

কোচের দিকনির্দেশনায় দলীয় সমন্বয়, কৌশল ও নৈপুণ্য দেখিয়ে খেলোয়াড়রা এ সাফল্য অর্জন করেন। মাগুরার এ জয়ে জেলার ক্রীড়াপ্রেমী ও কাবাডি সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









