দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরসহ সরকারি দপ্তরগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে।
একই সঙ্গে বিসিএসসহ সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, আর্থিক দুর্নীতি ও ডিজিটাল জালিয়াতি বন্ধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রশ্নপত্র ছাপাতে ব্যবহার করা হচ্ছে কমিশনের নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেস। পাশাপাশি প্রশ্ন সংরক্ষণের ভল্টরুমে প্রবেশের ক্ষেত্রে চালু হয়েছে ফেসলক প্রযুক্তি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এসব তথ্য জানান।
নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের লিখিত প্রশ্নের জবাবে সরকারি চাকরির শূন্যপদের পরিসংখ্যান তুলে ধরেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত সর্বশেষ ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫’ প্রতিবেদন অনুযায়ী, সরকারি বিভিন্ন দপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ খালি রয়েছে।
আব্দুল বারী বলেন, এসব শূন্যপদ পূরণে বর্তমান সরকার ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা তৈরি করেছে। পরিকল্পনা অনুযায়ী স্বচ্ছতা বজায় রেখে দ্রুত প্রায় পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয় ও বিভাগকে শূন্যপদের বিপরীতে নিয়োগের সর্বশেষ তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং সময়সীমা নির্ধারণ করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা তৈরির জন্যও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুরোধ করা হয়েছে। ইতোমধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি।
বিসিএসের প্রশ্নফাঁস ঠেকাতে পিএসসির কঠোর নিরাপত্তা
মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহর আরেকটি লিখিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার নিরাপত্তাব্যবস্থা নিয়ে বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, লাখ লাখ শিক্ষিত ও চাকরিপ্রত্যাশী তরুণের ভবিষ্যৎ সুরক্ষায় বিসিএসসহ সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, আর্থিক অনিয়ম ও ডিজিটাল জালিয়াতি প্রতিরোধে পিএসসি একাধিক পদক্ষেপ নিয়েছে। প্রশ্ন তৈরি, মুদ্রণ ও সংরক্ষণের প্রতিটি ধাপে নিরাপত্তাব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, আগে বিসিএসের প্রশ্নপত্র বিজি প্রেস অথবা আর্মি প্রিন্টিং প্রেসে ছাপানো হতো। বর্তমানে পিএসসির নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেসে প্রশ্নপত্র মুদ্রণ করা হচ্ছে। এ কাজে নিয়োজিত সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা মুদ্রণ শুরু থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রেসের ভেতরেই অবস্থান করেন। এ সময় তাদের কাছে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস থাকে না। পুরো প্রক্রিয়া পিএসসি চেয়ারম্যান নিজে তদারকি করেন।
তিনি আরও জানান, প্রশ্নপত্র সংরক্ষণের ভল্টরুম আধুনিকায়ন করা হয়েছে। বর্তমানে ফেসলক প্রযুক্তির মাধ্যমে কেবল সংশ্লিষ্ট সদস্য ও মনোনীত কর্মকর্তারা সেখানে প্রবেশ করতে পারেন। ভল্টরুম এলাকায় অন্যদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এ ছাড়া সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সেখানে চারজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।
প্রশ্নপত্র প্রণয়নের পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে বলে জানান আব্দুল বারী। আগে প্রশ্নকর্তারা নিজ নিজ বাসায় প্রশ্ন তৈরি করে কমিশনে জমা দিতেন। এখন তারা পিএসসিতে নির্ধারিত গোপনীয় কক্ষে বসে প্রশ্ন প্রণয়নের কাজ সম্পন্ন করেন। পরে সিলগালা করে সরাসরি সংশ্লিষ্ট সদস্যের কাছে জমা দেওয়া হয় এবং একই দিন তা ভল্টে সংরক্ষণ করা হয়।
প্রশ্ন প্রণয়ন ও পরিমার্জনের কক্ষগুলোতেও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি উত্তরপত্র মূল্যায়নে অটোমেশন পদ্ধতি চালু করা হয়েছে। মৌখিক পরীক্ষায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতেও পিএসসি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলে সংসদকে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









