পিরোজপুরের কাউখালীতে পঞ্চম শ্রেণির ছাত্রী ও এক সহকারী শিক্ষিকাকে যৌন নিপীড়নের পৃথক অভিযোগে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
বরখাস্ত হওয়া দুই শিক্ষক হলেন- উপজেলার ৩৪ নম্বর সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন চন্দ্র পাল এবং ৫০ নম্বর পশ্চিম জিবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জুবায়ের রহমান।
পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর টিফিনের বিরতির সময় সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১২ বছর বয়সী এক ছাত্রীকে লাইব্রেরিতে ডেকে নিয়ে শারীরিকভাবে হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে শিক্ষক লিটন চন্দ্র পালের বিরুদ্ধে।
ছাত্রীর পরিবারের অভিযোগ, ওই শিক্ষক তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং জড়িয়ে ধরে আটকে রাখেন।
এ ঘটনায় ছাত্রীর মা গত ৮ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
অন্যদিকে, পশ্চিম জিবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জুবায়ের রহমানের বিরুদ্ধে একই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানি ও অনৈতিক আচরণের অভিযোগ ওঠে। এ অভিযোগেরও প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘পৃথক দুটি অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রতিবেদন দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে দুই শিক্ষককে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।’’
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার (ইউএনও) বলেন, ‘‘শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। এ ধরনের ঘটনার বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









