জমকালো আয়োজন কিংবা পেশাদার ফটোশুট নয়, একেবারেই ঘরোয়া ও স্বচ্ছন্দ ভঙ্গিতে মাতৃত্বের বিশেষ মুহূর্ত ভাগ করে নিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পের একটি ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন তিনি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেন সামান্থা। সেখানে তাকে সোফায় একগাদা কুশনের ওপর হেলান দিয়ে আরাম করে বসে থাকতে দেখা যায়। পরনে ছিল লাল রঙের প্রিন্টেড কুর্তা ও সাদা ট্রাউজার। চোখে সানগ্লাস, দুই হাত বেবি বাম্পের ওপর রেখে পা ছড়িয়ে স্বচ্ছন্দ ভঙ্গিতে পোজ দিয়েছেন অভিনেত্রী।
ছবিটির ক্যাপশনে সামান্থা লিখেছেন, ‘‘এটাকেই আমার মাতৃত্বকালীন ফটোশুট হিসেবে ধরুন।’’ তার এই মজার ক্যাপশন ও অনাড়ম্বর আয়োজন ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
গর্ভাবস্থায়ও নিয়মিত শরীরচর্চা
গর্ভাবস্থার নানা মুহূর্তের পাশাপাশি নিজের শরীরচর্চার অভিজ্ঞতাও সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরছেন সামান্থা। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে তাকে গর্ভাবস্থার প্রথম মাসে স্কোয়াট করতে দেখা যায়। ভিডিওতে একই ব্যায়াম নবম মাসেও করার দৃশ্য যুক্ত করেছেন তিনি। পোস্টটির ক্যাপশনে লিখেছেন, ‘‘#৯ . টি ফাইনাল লাপ্’’।
এর আগে দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সামান্থা জানিয়েছিলেন, তার অভিনীত ‘মা ইনতি বঙ্গারাম’ সিনেমার ‘থাসসাদিয়া’ গানের শুটিংয়ের সময় তিনি প্রথম জানতে পারেন যে মা হতে চলেছেন। শুটিংয়ের সময় অসুস্থতাও অনুভব করেছিলেন বলে জানান অভিনেত্রী। মা হওয়ার নতুন অভিজ্ঞতা নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত বলেও জানিয়েছিলেন।
রাজ নিদিমোরুর সঙ্গে নতুন অধ্যায়
চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে ২০২৫ সালের ১ ডিসেম্বর বিয়ে করেন সামান্থা। কোয়েম্বাটুরের ঈশা যোগ সেন্টারে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন হয়েছিল। এই দম্পতির প্রথম সন্তান আসতে চলেছে।
সামান্থার ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় নিয়ে ভক্তদের আগ্রহের মধ্যেই তার সাম্প্রতিক ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









