সুনামগঞ্জের দিরাইয়ে তন্নি দাস (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। তন্নি ওই গ্রামের সজল দাসের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে ঠাকুরের পূজা করেন তন্নি। কিছুক্ষণ পর বসতঘরের দরজা বন্ধ দেখে তার মা ডাকাডাকি করেন। ভেতর থেকে সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে ঘরের তীরের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তন্নিকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নাজিয়া মানালুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তন্নির মৃত্যু হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









