একজন ধ্রুপদি সংগীতশিল্পীর প্রেম, পেশা, ব্যক্তিগত দুর্বলতা ও জীবনের টানাপোড়েন নিয়ে তৈরি হয়েছে নতুন চলচ্চিত্র ‘বেহেমথ!’। ছবিটি পরিচালনা করেছেন টনি গিলরয়। এতে প্রধান চরিত্র অ্যালেক্সের ভূমিকায় অভিনয় করেছেন পেদ্রো পাসকাল। লন্ডন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ছবিটি ইতিমধ্যে দর্শক ও সমালোচকদের নজর কেড়েছে।
ছবির শুরুতেই রয়েছে দুর্দান্ত এক ধাওয়া করার দৃশ্য। সাবেক প্রেমিকা অলিভিয়া ওয়াইল্ডের চরিত্রের কাছ থেকে পালাচ্ছে অ্যালেক্স। দৃশ্যটির গতি ও সংগীতের ব্যবহার হলিউডের জনপ্রিয় ‘জেসন বোর্ন’ সিরিজের কথা মনে করিয়ে দেয়। আর এর পেছনে কারণও আছে। টনি গিলরয় বোর্ন সিরিজের কয়েকটি ছবির চিত্রনাট্য লিখেছেন। তার সেই অভিজ্ঞতার ছাপ ‘বেহেমথ!’-এর গল্প বলার ধরন ও দৃশ্য বিন্যাসে স্পষ্ট।
তবে এটি কোনো গুপ্তচরবৃত্তির গল্প নয়। বরং একজন শিল্পীর জীবনকে গুপ্তচর ছবির উত্তেজনা ও গতিতে তুলে ধরেছেন পরিচালক। ছবিতে সংগীতের বিভিন্ন সুর ও বিষয়বস্তু বারবার ফিরে আসে, অনেকটা সিম্ফনির মতো। শুরুতে অলিভিয়া ওয়াইল্ডের চরিত্রকে ভয়ংকর প্রতিপক্ষের মতো মনে হলেও পরে তার উপস্থিতি ছবিতে ভিন্ন মাত্রার কৌতুক তৈরি করে।
পেদ্রো পাসকালের ভিন্ন অভিনয়
পেদ্রো পাসকালের অভিনয়ও ছবিটির অন্যতম আকর্ষণ। তার আগের কাজের তুলনায় এখানে আবেগের ভিন্ন প্রকাশ দেখা গেছে। অ্যালেক্স একজন ধ্রুপদি সংগীতশিল্পী। কাজের প্রয়োজনে তাকে এক আন্তর্জাতিক শহর থেকে অন্য শহরে ছুটে বেড়াতে হয়। একই সঙ্গে হলিউডের প্রযোজকদের ফোনের অপেক্ষায় থাকেন তিনি। বড় বাজেটের চলচ্চিত্রের সংগীত ধারণে অংশ নেওয়াই তাঁর পেশার গুরুত্বপূর্ণ অংশ।
ছবির অন্যতম আকর্ষণীয় অংশ হলো চলচ্চিত্রের সংগীত ধারণের দৃশ্যগুলো। বড় বড় চলচ্চিত্রের সংগীত কীভাবে তৈরি হয়, দর্শককে তার নেপথ্যের অভিজ্ঞতা দেখিয়েছেন পরিচালক। অর্কেস্ট্রার সংগীত পরিবেশনের দৃশ্যের সঙ্গে অ্যালেক্সের ব্যক্তিগত জীবনের নানা ঘটনা মিলিয়ে এগিয়েছে গল্প।

এর একটি উল্লেখযোগ্য দৃশ্য হলো, একটি বাড়ি থেকে টুথব্রাশ চুরি করে পালাচ্ছে অ্যালেক্স। একই সময়ে পর্দায় দেখা যায়, একটি অ্যাকশন চলচ্চিত্রের জন্য অর্কেস্ট্রা সংগীত পরিবেশন করছে। সংগীতের তীব্রতা ও দৃশ্যের সম্পাদনায় মনে হয়, অ্যালেক্স যেন কোনো ভয়ংকর ষড়যন্ত্রের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ কিছু চুরি করেছে। অথচ বাস্তবতা একেবারেই আলাদা। একটি মেয়ের সঙ্গে নিজের সম্পর্ক যাচাই করতে টুথব্রাশটি চুরি করেছে সে। মেয়েটি তার মেয়ে কি না, তা নিশ্চিত হওয়ার জন্যই এমন কাণ্ড ঘটায় অ্যালেক্স।
জীবনের গল্পে অতীতের ছায়া
টনি গিলরয় ছবিতে অতীতের একটি দৃশ্য এমনভাবে যুক্ত করেছেন, যা প্রথম দেখায় সহজে বোঝা যায় না। ভ্রমণশীল সংগীতশিল্পী হিসেবে অ্যালেক্সের জীবন বিভিন্ন শহর ও অর্কেস্ট্রার মধ্যে বিভক্ত। ফলে সময় ও স্থানের পরিবর্তন গল্পের স্বাভাবিক অংশ হয়ে উঠেছে।
একপর্যায়ে দেখা যায়, অ্যালেক্সের মা নার্সিংহোম থেকে বেরিয়ে তার স্বামীর পোশাক ঘাঁটছেন এবং ছেলের জন্য একটি টাই বেছে নিচ্ছেন। এরপর অ্যালেক্সকে দেখা যায় একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যেতে। সেখানে আগে হেডফোনে যে তরুণ সংগীতশিল্পীকে শুনতে দেখা গিয়েছিল, তার শৈশবের রূপ সামনে আসে।

দৃশ্যটি আসলে অতীতের ঘটনা। কিন্তু পরিচালক এতটাই স্বাভাবিকভাবে এটি গল্পের সঙ্গে মিশিয়েছেন যে দর্শকের বুঝতে কিছুটা সময় লাগে। অ্যালেক্সের চুলে তখন পাক ধরেনি, শরীরেও বয়সের ছাপ কম। ছবিতে এমন কৌশলী দৃশ্য বিন্যাস বোর্ন সিরিজে গিলরয়ের কাজের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেয়।
প্রেমের মুহূর্ত, কিন্তু সিদ্ধান্তহীন অ্যালেক্স
অ্যালেক্সের জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সহশিল্পী ইভার সঙ্গে তার স্বল্প সময়ের সম্পর্ক। ডালাসে একই অর্কেস্ট্রায় কাজ করার সুবাদে তাদের পরিচয়। সেখানে ধনী ও বয়স্ক নারীদের একটি দল সংগীতশিল্পীদের ঘিরে রাখে। তারা অ্যালেক্স ও ইভাকে প্রেমিক-প্রেমিকা মনে করেন। প্রথমে বিষয়টি কৌতুকের মতো মনে হলেও পরে নারীদের আচরণে একধরনের আন্তরিকতা ফুটে ওঠে।
অ্যালেক্স ও ইভার সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ইভা তাকে জানায়, তার জীবনের অন্য একজন পুরুষ তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। দর্শক বুঝতে পারেন, এটাই অ্যালেক্সের সিদ্ধান্ত নেওয়ার সময়। কিন্তু নিজের অনুভূতি প্রকাশ করতে বা সম্পর্কটি ধরে রাখতে সে কোনো উদ্যোগ নেয় না। এর পরিণতি হয় বেদনাদায়ক।
সংগীতের ভেতর দিয়ে জীবনের হিসাব
ছবির শেষ অংশে ‘বেহেমথ!’ নামের একটি চলচ্চিত্রের সংগীত ধারণের দৃশ্যের মধ্য দিয়ে অ্যালেক্সের জীবনের গল্প পূর্ণতা পায়। সেখানে দেখা যায়, জার্মান উচ্চারণে কথা বলা এক কঠোর স্বভাবের পরিচালক সংগীতশিল্পীদের কাছ থেকে আরও আবেগ ও তীব্রতা আদায়ের চেষ্টা করছেন। তার আচরণে বিরক্ত হয়ে পড়েন সংগীতশিল্পীরা। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে ওই পরিচালককে সরিয়ে তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় সেই তরুণ সংগীতশিল্পীকে, যাকে অ্যালেক্স পুরো ছবি জুড়ে অনুসরণ করেছে।

ছবিটির নামের তাৎপর্যও এখানেই। অ্যালেক্স অন্য মানুষের গল্পে আবেগ ও উত্তেজনা তৈরির জন্য সংগীত পরিবেশন করেন। কিন্তু নিজের জীবনে সেই আবেগের গভীরতা খুঁজে পান না। নিজের অনুভূতি প্রকাশ এবং সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রেও তিনি বারবার পিছিয়ে যান।
শেষদিকে তরুণ সংগীতশিল্পীর সঙ্গে অ্যালেক্সের একটি সংযোগের মুহূর্ত তৈরি করেন পরিচালক। তবে এত ভ্রমণ, সংগীত ও সম্পর্কের ভাঙাগড়ার পর অ্যালেক্সের জীবন কতটা সার্থক—সেই সিদ্ধান্ত দর্শকের ওপরই ছেড়ে দিয়েছেন টনি গিলরয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









