দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে বাড়তি পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক কামারুম মুনিরা গণমাধ্যমকে জানান, বৈঠকে যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিয়েছেন আইজিপি। এ জন্য টহল, তল্লাশি ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, পেশাদারত্বের সঙ্গে দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার কথা বলেছেন পুলিশপ্রধান। তবে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত শনিবার থেকে সোমবার পর্যন্ত সারা দেশের ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে ১৯টি বাসে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় ১১টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ২৯ জনকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









