কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে পিরোজপুরে খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি, পিরোজপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।
‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’ স্লোগানে আয়োজিত সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার মুসল্লি অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর বলেন, দেশের অধিকাংশ মানুষ মুসলমান এবং তারা বিশ্বাস করেন, হজরত মুহাম্মদ (সা.) শেষ নবী। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার বিষয়ে ৬৪ জেলার মানুষের দাবি রয়েছে উল্লেখ করে তিনি বর্তমান সরকারের প্রতি সংসদে আইন পাসের আহ্বান জানান।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘মানুষ রাতে পালায়, অন্ধকারে পালায়, কিন্তু শেখ হাসিনা পালিয়েছেন সূর্যের আলোতে।’ তিনি আরও বলেন, এ দাবিতে দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহ করে তারেক রহমানের কাছে পেশ করা হবে। ৬৪ জেলার খতমে নবুওয়ত সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসার কথাও জানান তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা জাকির হোসেন। এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির মাওলানা রশিদ আহমদ, নায়েবে আমির মুফতি মুহাম্মদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবাইদুল্লাহ কাসেমীসহ অন্য নেতারা। বক্তারা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে এ বিষয়ে সংসদে আইন পাসের দাবি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








