ইতালির ১ হাজার ৮০০টির বেশি স্কুলে বোমা হামলার ভুয়া হুমকি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এসব হুমকি পাওয়ার পরও অনেক স্কুল কর্তৃপক্ষ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ ধরনের হুমকি মোকাবিলায় সরকারের নতুন নির্দেশনার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার জানিয়েছে, বিপদের সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়া গেলে সরকারি ভবন বা শিক্ষাপ্রতিষ্ঠান খালি করার প্রয়োজন নেই। বুধবার দেশজুড়ে বোমা হামলার ভুয়া হুমকি ছড়িয়ে পড়ার পর ইতালির অনেক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার দেশটির ১ হাজার ৮০৩টি স্কুলে বোমা হামলার হুমকি আসে। এর মধ্যে কিছু স্কুল খালি করা হলেও নতুন নির্দেশনার কারণে শত শত স্কুল কর্তৃপক্ষ হুমকি উপেক্ষা করে কার্যক্রম চালিয়ে যায়। আবার কিছু স্কুল দ্রুত খুলে দেওয়া হয়। এর আগের দিন বুধবার ৬ হাজার ৩০০টি স্কুলে একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল।
সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশে সুপারশপ, রক্তের ব্যাংক, বিমান চলাচলব্যবস্থা ও সম্প্রচারমাধ্যমেও এ ধরনের ভুয়া হুমকি এবং সাইবার হামলার ঘটনা ঘটেছে।
দ্বিতীয় দিনের মতো হুমকি ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে আলোচনার জন্য বিরোধী দলের নেতাদের নিজের কার্যালয়ে ডাকেন প্রধানমন্ত্রী মেলোনি। এ ধরনের ঘটনার প্রভাব কমাতে একটি বিশেষ নীতিমালা তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়, শুধু গণহারে পাঠানো ই-মেইলে হুমকি পাওয়ার কারণে কোনো ভবন খালি করা উচিত নয়। প্রকৃত বিপদের ইঙ্গিত দেয়—এমন সুনির্দিষ্ট তথ্য থাকলেই কেবল এ ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বৃহস্পতিবারের হুমকিগুলোতেও ‘মিখাইল আন্দ্রোপভ’ নাম ব্যবহার করা হয়েছে। এসব বার্তায় প্রধানমন্ত্রী মেলোনিকেও হুমকি দেওয়া হয়। বুধবারও একই নামে পাঠানো বার্তায় তাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে সমর্থন না করা ইউরোপীয় দেশগুলোতে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত করতে মস্কো এ ধরনের তৎপরতার পেছনে থাকতে পারে বলে সন্দেহ করছেন ইউরোপের কয়েকজন কর্মকর্তা। তবে ইতালির কর্মকর্তারা এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রমাণ পাননি বলে জানিয়েছেন। রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, পশ্চিমা দেশগুলো তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এদিকে ইতালিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বৃহস্পতিবার বলেছেন, হুমকিগুলোর পেছনে কারা রয়েছে, তা খুঁজে বের করতে ইতালির কর্তৃপক্ষকে সহযোগিতা করতে রাশিয়া প্রস্তুত।

সাইবার নিরাপত্তা নিয়ে বিরোধীদের সমালোচনা
প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে বিরোধী দলের নেতারা বলেন, এ ধরনের হুমকি মোকাবিলায় সরকারেরই কার্যকর পরিকল্পনা নেওয়া উচিত। তবে সাইবার নিরাপত্তায় পর্যাপ্ত অর্থ বিনিয়োগ না করায় মেলোনি সরকারের সমালোচনা করেন তারা। সাবেক প্রধানমন্ত্রী ও মধ্যপন্থী দল ইতালিয়া ভিভার নেতা মাত্তেও রেনজি বলেন, সাইবার নিরাপত্তায় এখন পর্যন্ত বরাদ্দ অর্থ কীভাবে ব্যয় করা হয়েছে, সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে। তার মতে, একটি ভালো অ্যান্টিভাইরাস কর্মসূচি থাকলেই আগের দিনের আতঙ্কের ঘটনা মোকাবিলা করা সম্ভব হতো।
এদিকে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের কর্তৃপক্ষও জানিয়েছে, বিদেশ থেকে পাঠানো একই ধরনের হুমকিমূলক ই-মেইল পেয়েছে অনেক স্কুল। তবে সেগুলোকে ভুয়া হুমকি হিসেবে বিবেচনা করে স্কুলের পাঠদান কার্যক্রম চালু রাখার অনুমতি দেওয়া হয়েছে। গ্রিন-লেফট অ্যালায়েন্সের নেতা নিকোলা ফ্রাতোয়ান্নি বলেন, আয়ারল্যান্ডের কর্তৃপক্ষ আগেই স্কুলগুলোকে সতর্ক করেছিল এবং ই-মেইলগুলোকে হুমকি হিসেবে বিবেচনা না করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দিয়েছিল। এ বিষয়ে ইতালির সরকারের অবস্থান জানতে চেয়েছেন তারা।
বিরোধী দলগুলোর অভিযোগ, মেলোনি সরকার প্রচলিত সামরিক সরঞ্জাম কেনাকাটায় বেশি গুরুত্ব দিচ্ছে, অথচ সাইবার নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাত অবহেলিত থাকছে। প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতা এলি শ্লাইন বলেন, সাইবার নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন। পাশাপাশি বিদ্যমান সম্পদের একটি অংশ সাইবার প্রতিরক্ষায় ব্যয় করার প্রস্তাব দিয়েছেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








