ফ্যাসিবাদের প্রশ্নে সরকারি দল ও বিরোধী দল সংসদে একমত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, ‘‘সংসদে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থানের ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ।’’
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘‘গণতন্ত্রে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকাই স্বাভাবিক। তবে ফ্যাসিবাদের প্রশ্নে দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে। সংসদেও এ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।’’
নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের সতর্কতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান জানান। তার ভাষ্য, রাজনৈতিকভাবে নিষিদ্ধ সংগঠনটির বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতা জরুরি। দলটির নেতাদের দেশে ফেরার আলোচনা ঘিরে নাশকতা সৃষ্টির চেষ্টার আশঙ্কার কথাও উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের আমলে প্রণীত মানবতাবিরোধী অপরাধের বিচারসংক্রান্ত আইনের ভিত্তিতেই বিচার কার্যক্রম চলছে জানিয়ে মীর শাহে আলম বলেন, ‘‘বিএনপিকে নতুন করে কোনো আইন করতে হয়নি। জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এ দেশের মাটিতেই হবে।’’
অনুষ্ঠানে আটজন সাংবাদিককে মরণোত্তর এবং ছয়জন সাংবাদিককে আজীবন সম্মাননা দেওয়া হয়।
মরণোত্তর সম্মাননা পান আমান উল্লাহ খান, যাহেদুর রহমান যাদু, খন্দকার আব্দুর রহীম হিরু, রবিউল হক খান, শেখ মাহবুব হোসেন লেমন, আব্দুর রউফ জালাল, কমলেশ মোহন্ত শানু ও ইকবাল মোর্শেদ রিপন।
আজীবন সম্মাননা পান ওয়াসিকুর রহমান বেচান, মীর সাজ্জাদ আলী সন্তোষ, আব্দুর রহিম বগরা, মতিউল ইসলাম সাদী, চপল কান্তি সাহা ও আতিকুর রহমান রুমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, বাসস পরিচালনা বোর্ডের সদস্য মোজাম্মেল হক লালু, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









