চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধভাবে পরিবহনের সময় ৩৪ বস্তা ডিএপি সার জব্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় এনামুল হক নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে গোমস্তাপুর বাসস্ট্যান্ড এলাকায় দুটি অটোভ্যানে করে সার নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা ভ্যান দুটি থামিয়ে তল্লাশি করেন। এ সময় সার পরিবহনের বিষয়টি নিশ্চিত হয়ে স্থানীয় প্রশাসনকে খবর দেন।
উপজেলা কৃষি বিভাগ জানায়, নওগাঁর সাপাহার থেকে অবৈধভাবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে সারগুলো নিয়ে যাওয়া হচ্ছিল।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় শিবগঞ্জ উপজেলার মনাকষা গ্রামের রইস উদ্দিনের ছেলে এনামুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া জব্দ করা সারগুলো স্থানীয় সার ডিলার মজিবুরের মাধ্যমে কৃষকদের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









