পিরোজপুরের নেছারাবাদে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সদস্য মো. আবু সাঈদকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ইন্দুরহাট বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আবু সাঈদ উপজেলার দক্ষিণ সোহাগদল গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর বিকেলে উপজেলার ইন্দুরহাট বন্দরে সরকারি স্বরূপকাঠি কলেজের সামনে থেকে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের হয়। ওই মিছিলে আবু সাঈদ সরাসরি অংশ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর নেছারাবাদে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এটিই ছিল প্রথম ঝটিকা মিছিল। গত ২৫ অক্টোবর বিকেল আড়াইটার দিকে কলেজসংলগ্ন এলাকা থেকে মিছিলটি বের হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তামজিদ ইসলাম তন্ময় ও সরকারি স্বরূপকাঠি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সানাউল রেজা সৌরভ।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজসংলগ্ন এলাকা থেকে হঠাৎ বের হওয়া মিছিলটি এক থেকে দুই মিনিটের মধ্যে শেষ হয়। এ সময় মিছিলকারীরা ‘আইতাছে রে আইতাছে, শেখ হাসিনা আইতাছে’ এবং ‘আউয়াল ভাইয়ের নির্দেশে আমরা আছি রাজপথে’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলের সময় অংশগ্রহণকারীরা নিজেরাই ভিডিও ধারণ করেন বলেও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, গত ২৫ অক্টোবর দুপুরের দিকে একটি মিছিল বের হয়েছিল। আবু সাঈদ ওই মিছিলে সরাসরি অংশ নিয়েছিলেন। এ অভিযোগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









