চাঁপাইনবাবগঞ্জে গরম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে আখের রসের চাহিদা। শহরের সড়কের পাশ, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় আখমাড়াইয়ের যন্ত্র ঘিরে ভিড় করছেন নানা বয়সী মানুষ। কেউ দাঁড়িয়ে পান করছেন এক গ্লাস রস, আবার কেউ পরিবারের জন্য বোতলে ভরে নিয়ে যাচ্ছেন। অন্যদিকে, আখের রস বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। কারও কাছে এটি বাড়তি আয়ের উৎস, আবার কারও কাছে সংসার চালানোর প্রধান অবলম্বন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় ৪ হাজার ৭৭০ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। এর মধ্যে শিবগঞ্জ উপজেলার কানসাট, চককীর্তি, ধাইনগর ও পুঠিমারী বিল এলাকায় বেশি আখ চাষ হয়। এ ছাড়া মোবারকপুর, শাহাবাজপুর, চৌডালা ও বরেন্দ্র অঞ্চলেও আখের আবাদ করছেন কৃষকেরা।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সিসিটিভি মোড় এলাকায় প্রতিদিন সকালে বসে আখের বাজার। সকাল থেকেই সেখানে ভিড় করেন আখের রস বিক্রেতারা। প্রায় ৫০ জন বিক্রেতা প্রতিদিন তিন থেকে চার বান্ডিল করে আখ কিনে নিয়ে যান। পরে এসব আখ শহরের বিভিন্ন স্থানে মাড়াই করে রস বিক্রি করেন তাঁরা।
শহরের আদালত চত্বর, নিউমার্কেট, বিডিআর ক্যাম্পসহ বিভিন্ন জনবহুল এলাকায় আখের রস বিক্রি হচ্ছে। সহজলভ্যতা, মিষ্টি স্বাদ ও তুলনামূলক কম দামের কারণে শ্রমজীবী মানুষ, পথচারী ও বাজারে আসা ক্রেতাদের কাছে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আখ ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, আমনুরা, বাবুডাইং ও পালসা এলাকা থেকে পিকআপে করে আখ নিয়ে আসেন চাষি ও সরবরাহকারীরা। জেলায় নির্দিষ্ট কোনো স্থায়ী পাইকারি বাজার না থাকলেও সিসিটিভি মোড় এলাকায় গড়ে উঠেছে আখের হাট। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত সেখানে পিকআপভর্তি আখ আসে। সেখান থেকে খুচরা বিক্রেতারা আখ কিনে নেন।
পুলিশ সুপারের কার্যালয়ের পাশে আখের রস বিক্রি করেন শরিফুল ইসলাম। অসুস্থতার কারণে ভারী কাজ করতে না পেরে ধারদেনা ও জমানো ২৫ থেকে ৩০ হাজার টাকা দিয়ে আখমাড়াইয়ের যন্ত্র ও ব্যাটারিচালিত ভ্যান কিনে ব্যবসা শুরু করেন তিনি। বর্তমানে এ ব্যবসার আয় দিয়েই পাঁচ সদস্যের সংসার চালাচ্ছেন।
নিউমার্কেটের পাশে রস বিক্রেতা আব্দুস সামাদ বলেন, গরমে আখের রসের চাহিদা বেড়ে যায়। প্রতিদিন প্রায় ৭ থেকে ৮ হাজার টাকার রস বিক্রি করেন তিনি। প্রতি গ্লাস রস ২০ থেকে ৩০ টাকা এবং প্রতি লিটার ১০০ টাকায় বিক্রি করেন। তবে আখ কেনা, পরিবহন, বরফ ও যন্ত্রপাতির খরচ বাদ দিয়ে প্রকৃত আয় নির্ভর করে বিক্রির পরিমাণের ওপর।
বিডিআর ক্যাম্পের পাশে আখের রস বিক্রি করেন সফিকুল ইসলাম। তিনি বলেন, আখের রস বিক্রি করেই সংসার চালান। গরমে ক্রেতা বাড়লেও আখের দাম ও অন্যান্য খরচ বেড়ে গেলে লাভ কমে যায়। প্রতিদিনের বিক্রির ওপরই তাঁদের আয় নির্ভর করে।
সাংবাদিক আব্দুর রব নাহিদ জানান, কৃষকেরা সাধারণত আখ থেকে গুড় উৎপাদন করেন। তবে মাঠের দূরবর্তী এলাকায় যাঁরা আখ চাষ করেন, তাঁদের অনেকে গত এক মাস ধরে আখ বিক্রি করছেন।
শিবগঞ্জের কৃষক শহিদুল ইসলাম বলেন, পুঠিমারী বিল এলাকায় পাঁচটি স্থানে ১০ কাঠা করে মোট ৫০ কাঠি জমিতে আখ চাষ করেছেন তিনি। এসব জমির আখের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা বেশ কষ্টসাধ্য। তাই প্রতিদিন ভোরে সিসিটিভি মোড় এলাকায় এসে নগদ টাকায় আখ বিক্রি করেন।
তবে আখের রস পান করার ক্ষেত্রে পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়েছেন বিশিষ্ট আইনজীবী হামিদুল হক। তিনি বলেন, আখের রস তৃষ্ণা মেটালেও অপরিচ্ছন্ন মাড়াইযন্ত্র, দূষিত পানি, অপরিষ্কার গ্লাস ও অনিরাপদ বরফ ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই পরিষ্কার আখ, নিরাপদ পানি ও বরফ ব্যবহার এবং যন্ত্রপাতি পরিচ্ছন্ন রাখা জরুরি। পাশাপাশি অতিরিক্ত শর্করা গ্রহণের বিষয়েও সচেতন থাকতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









