রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহের কালীগঞ্জে সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন নিয়ে সমঝোতায় পৌঁছেছে উপজেলা বিএনপি ও জামায়াত। উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে কালীগঞ্জ থানায় অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি এবং জামায়াতের সাবেক আমির ওলিয়ার রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সংসদ সদস্য আবু তালিব বলেন, কোরআনের মাহফিলে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য আমির হামজাকে অনুরোধ করা হবে। বিএনপি ও প্রশাসন মাহফিল আয়োজনে সহযোগিতা করবে।
এর আগে কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দেয়।
জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বার্ষিক পুরস্কার বিতরণী ও তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের পরিকল্পনা করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ নভেম্বর অনুষ্ঠান আয়োজনের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। আবেদনটি তদন্তের জন্য পুলিশ সুপারের কাছে পাঠানো হয়। পরে পুলিশ সুপারের তদন্ত প্রতিবেদনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা উল্লেখ করা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠান দুটির অনুমতি দেওয়া সম্ভব নয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। একই সঙ্গে আয়োজকদের কর্মসূচি থেকে বিরত থাকার অনুরোধ করা হয়।
বিজ্ঞপ্তি প্রকাশের পর বৃহস্পতিবার বিকেলে আমির হামজাকে স্বাগত জানিয়ে কালীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। পরে সন্ধ্যায় শহরের মুরগিহাটা এলাকায় সংসদ সদস্যের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা জামায়াতে ইসলামী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লা। তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল মাহফিল বাধাগ্রস্ত ও বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। প্রশাসনের সহযোগিতা নেওয়ারও চেষ্টা করা হচ্ছে বলে তাঁরা জানতে পেরেছেন। তিনি বলেন, কোনোভাবেই গণজোয়ার ঠেকানো যাবে না এবং মাহফিলের আয়োজন বাস্তবায়ন করা হবে।
এদিকে একই মাঠে মাদকবিরোধী সমাবেশ আয়োজনের ঘোষণা দেয় ‘সচেতন কালীগঞ্জবাসী’ নামে একটি সংগঠন। বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষে শহরে মাইকিং করা হয়। শুক্রবার দুপুর ২টায় সমাবেশে সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনটির উদ্যোগে একটি মাদকবিরোধী মোটরসাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়।
রাত ৯টার দিকে সচেতন কালীগঞ্জবাসীর ব্যানারে সংবাদ সম্মেলনে শুক্রবার একই মাঠে মাদকবিরোধী সমাবেশ আয়োজনের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে বক্তব্য দেন ইলিয়াস রহমান মিঠু। এ সময় জেলা বিএনপির উপদেষ্টা রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ মোল্লা, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহাবুবুর রহমান মিলনসহ অন্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









