সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অভিযান চালিয়ে ড্রেজারসহ চারটি ইঞ্জিনচালিত বোট জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে নদীর তীরবর্তী এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের সাতটি বালুর গাদা জব্দ করা হয়েছে। অবৈধভাবে উত্তোলিত বালু কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুজ্জাহান কনক এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান। এ সময় শ্যামনগর থানা-পুলিশ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার প্রথমে খোলপেটুয়া নদীতে অভিযান চালানো হয়। এ সময় নদীর বিভিন্ন স্থানে ড্রেজার স্থাপন করা অবস্থায় চারটি ইঞ্জিনচালিত বোট জব্দ করা হয়। পরে নওয়াবেঁকী ও আটুলিয়া এলাকায় নদীর চরে গড়ে ওঠা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকানাধীন সাতটি বালুর গাদা জব্দ করেন অভিযান পরিচালনাকারীরা।
অভিযানকালে আবু মুছার মালিকানাধীন প্রতিষ্ঠানের ম্যানেজার আনিছুর রহমানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই মাসের কারাদণ্ড দেন। তবে কারাদণ্ডের পরিবর্তে ৫০ হাজার টাকা জরিমানা পরিশোধের সুযোগ দেওয়া হয়। তিনি জরিমানা পরিশোধ করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র আরও জানায়, জব্দ করা বালুর গাদা ও ইঞ্জিনচালিত বোটগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। পরবর্তী সময়ে এগুলোর মূল্য নির্ধারণ করে প্রকাশ্যে নিলামে বিক্রি করা হবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
অবৈধভাবে বালু উত্তোলন ও বাণিজ্য বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









