কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’র রচয়িতা কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের স্মৃতি সংরক্ষণে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামে প্রতিষ্ঠা করা হয়েছিল স্মৃতিকেন্দ্র। কিন্তু প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ, জনবল ও তদারকির অভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাটি এখন বেহাল। ভবনের বিভিন্ন স্থানে ফাটল, খসে পড়ছে পলেস্তারা, নষ্ট হচ্ছে আসবাব। সংগ্রহশালায়ও নেই পর্যাপ্ত স্মৃতিচিহ্ন। ফলে সাহিত্যপ্রেমীদের আকর্ষণীয় স্থানটি ক্রমেই হারাচ্ছে তার গুরুত্ব।
জানা গেছে, ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন মীর মশাররফ হোসেন। তাঁর পৈতৃক নিবাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামে। লেখাপড়ার শুরু কুষ্টিয়ায় হলেও পরে পদমদী গ্রামের বিদ্যালয়েও পড়াশোনা করেন তিনি। কর্মজীবনের অধিকাংশ সময় কেটেছে ফরিদপুরের নবাব এস্টেটে। এ ছাড়া টাঙ্গাইলের দেলদুয়ার স্টেটেও নায়েবের দায়িত্ব পালন করেন। ১৯১২ সালের ১৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন এই কালজয়ী সাহিত্যিক। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী স্ত্রী বিবি কুলসুমের পাশে তাঁকে দাফন করা হয়।
একসময় রক্ষণাবেক্ষণের অভাবে মীর মশাররফ হোসেনের কবরটিও হারিয়ে গিয়েছিল। পরে বাংলাদেশ টেলিভিশনের কবি আবদুল হাই শিকদারের ‘কথামালা’ ম্যাগাজিন অনুষ্ঠানে একটি প্রতিবেদন প্রচারের পর সংস্কৃতি মন্ত্রণালয়ের নজরে আসে বিষয়টি। পরবর্তী সময়ে বাংলা একাডেমির তত্ত্বাবধানে সেখানে নির্মাণ করা হয় স্মৃতিকেন্দ্র।
১৯৯৯ সালের জুলাই মাসে ৮৪ শতাংশ জমির ওপর ২ কোটি ৪৮ লাখ ৩ হাজার টাকা ব্যয়ে স্মৃতিকেন্দ্রটি নির্মাণ করা হয়। এখানে রয়েছে সংগ্রহশালা, ১০০ আসনবিশিষ্ট সেমিনার কক্ষ, দপ্তর, গ্রন্থাগার, অতিথিকক্ষ, ডাইনিং, রান্নাঘর ও প্রসাধন কক্ষ। তবে বর্তমানে এসব স্থাপনার অনেকগুলোই জরাজীর্ণ অবস্থায় রয়েছে।
সম্প্রতি সরেজমিনে স্মৃতিকেন্দ্রে গিয়ে দেখা যায়, দর্শনার্থীর উপস্থিতি নেই বললেই চলে। দুজন কর্মচারী বারান্দায় বসে দর্শনার্থীর অপেক্ষা করছেন। ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। অনেক জায়গায় দেয়ালের রং উঠে গেছে। মূল প্রবেশপথের দুই পাশে থাকা লাইটগুলোও নেই। মাঠের বেঞ্চগুলো বসার অনুপযোগী হয়ে পড়েছে। চারপাশে জমে আছে ময়লা-আবর্জনা। তবে মীর মশাররফ হোসেনের লেখা কয়েকশ বই পাঠকের অপেক্ষায় গ্রন্থাগারের তাকগুলোতে সাজানো রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, স্মৃতিকেন্দ্রের ব্যবস্থাপনা সন্তোষজনক নয়। দর্শনার্থীদের বসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। বেঞ্চগুলো নষ্ট হয়ে গেছে। রয়েছে বিশুদ্ধ পানির সংকটও। সপ্তাহে দুদিন বন্ধ থাকে কেন্দ্রটি। রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখা হয়। ফলে সাধারণ ছুটির দিনে পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা কেন্দ্রটি দেখার সুযোগ পান না।
কুষ্টিয়া থেকে স্মৃতিকেন্দ্র দেখতে আসা দর্শনার্থী মাসুদ পারভেজ বলেন, ‘সাহিত্যিকরা এখানে এসে লেখালেখি করবেন কিংবা কিছু সময় কাটাবেন, তেমন পরিবেশই নেই। স্মৃতিকেন্দ্রটি অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে। এখানে লোকবল সংকট রয়েছে। সংগ্রহশালায় তেমন কিছুই নেই। ইন্টারনেট সংযোগ ও বিশুদ্ধ পানিরও সংকট রয়েছে।’
নরসিংদী থেকে আসা দর্শনার্থী সাইফুল ইসলাম বলেন, প্রতিষ্ঠার পর থেকেই এ কেন্দ্রে জনবলের অভাব রয়েছে। সংগ্রহশালায় মীর মশাররফ হোসেনের বিভিন্ন সাহিত্যকর্ম ও জীবন-সম্পর্কিত নিদর্শন থাকার কথা থাকলেও বাস্তবে তেমন কিছু দেখা যায় না। স্মৃতিকেন্দ্র ঘিরে পর্যটনকেন্দ্র ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা শোনা গেলেও বাস্তবে তার কোনো অগ্রগতি নেই। প্রতি বছর নামমাত্র তাঁর জন্মদিন পালন করা হয়।
স্মৃতিকেন্দ্রের সভাপতি কবি সালাম তাসির বলেন, মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রটি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন। বাংলা একাডেমি এটি পরিচালনা করে। রাজবাড়ী জেলা প্রশাসন স্মৃতিকেন্দ্রটির উন্নয়নে কাজ করতে আগ্রহী হলেও বাংলা একাডেমি থেকে প্রত্যাশিত উদ্যোগ নেওয়া হয়নি। স্মৃতিকেন্দ্র থেকে সাহিত্যের আলো ছড়িয়ে দিতে বাংলা একাডেমির আরও আন্তরিক হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, তিনি সরেজমিনে বালিয়াকান্দির মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র পরিদর্শন করেছেন। সেখানে বেশ কিছু উন্নয়ন ও সংস্কারকাজ প্রয়োজন। স্মৃতিকেন্দ্রের উন্নয়ন কার্যক্রম বাংলা একাডেমি পরিচালনা করে। তবে তাঁর নজরে আসা লোকবল সংকট, বেঞ্চ মেরামত, দেয়ালে রং করা ও ইন্টারনেট সংযোগসহ বিভিন্ন বিষয়ে বাংলা একাডেমির সঙ্গে কথা হয়েছে। এসব বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ বিষয়ে বাংলা একাডেমির উপপরিচালক ডা. রেজাউর রহমান বলেন, ১৩ নভেম্বর মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিকেন্দ্রে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বাংলা একাডেমির আয়োজনে সেমিনারের পাশাপাশি স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাটক, কুইজ এবং এক দিনের মীরমেলার আয়োজন থাকবে।
সাহিত্য ও ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মৃতিবিজড়িত এই স্থাপনাটি রক্ষায় দ্রুত সংস্কার, পর্যাপ্ত জনবল নিয়োগ, আধুনিক সংগ্রহশালা গড়ে তোলা এবং দর্শনার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র আবারও সাহিত্যপ্রেমী ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









