সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এ লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সদর দপ্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল ইফতেখার হোসেন, পিবিজিএম, বিজিওএম, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, কুষ্টিয়া। এছাড়া এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এবং ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক শাকিবুর রহমান।
মতবিনিময় সভায় সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদকদ্রব্য ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধ, মানবপাচার এবং সীমান্তকেন্দ্রিক বিভিন্ন অপরাধ দমনে বিজিবির কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
এ সময় সীমান্ত এলাকায় কোনো ধরনের অপরাধ, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান কিংবা মাদক পাচারের ঘটনা ঘটলে দ্রুত বিজিবিকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সীমান্তের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবি ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও তথ্য আদান-প্রদানের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সেক্টর কমান্ডার ইফতেখার হোসেন বলেন, ‘‘সীমান্ত সুরক্ষা শুধু বিজিবির একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সীমান্তের প্রকৃত চিত্র তুলে ধরা এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’
সভায় উপস্থিত সাংবাদিকরা সীমান্ত এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও অপরাধসংক্রান্ত বিষয় তুলে ধরেন। বিজিবি কর্মকর্তারা সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং সীমান্তের নিরাপত্তা ও অপরাধ দমনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সীমান্ত এলাকার শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি ও গণমাধ্যমের মধ্যে এ ধরনের মতবিনিময় সভা পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








