সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সঙ্গে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রয়োজনীয় ব্রিজ ও কালভার্ট নির্মাণ, পানি চলাচলের পথ সচল রেখে গুরুত্বপূর্ণ এ সড়কটি সারা বছর চলাচলের উপযোগী করার দাবি জানান তারা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে মধ্যনগর বাজারের পশ্চিম পাশে আখড়াসংলগ্ন সড়কে মধ্যনগর ও কলমাকান্দা এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মধ্যনগর ও কলমাকান্দা উপজেলার মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম প্রায় এই সড়ক। শুকনো মৌসুমে পাঁচ থেকে ছয় মাস মোটরসাইকেল, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করলেও বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
তারা বলেন, শুকনো মৌসুমে প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করেন। বর্ষায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় জরুরি প্রয়োজনে নৌকায় যাতায়াত করতে হয়। এতে যাত্রীদের দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে।
মানববন্ধনে স্থানীয়দের পক্ষে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার তালুকদার।
তিনি বলেন, ‘‘মধ্যনগর থেকে কলমাকান্দা উপজেলায় যাতায়াতের জন্য চার কিলোমিটারের এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ বর্ষা মৌসুমে সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তাই প্রয়োজনীয় ব্রিজ ও কালভার্ট নির্মাণ এবং পানি প্রবাহের স্বাভাবিক পথ নিশ্চিত করে সড়কটি দ্রুত সারা বছর চলাচলের উপযোগী করতে হবে।’’
তিনি এ বিষয়ে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এবং কলমাকান্দা-দুর্গাপুর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় আরও বক্তব্য দেন মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, চিকিৎসক ডা. মোক্তাদির হোসেন সুজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এছাড়া আয়োজিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান মানিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাপ্পি ও দেলোয়ার হোসেন মুন্নাসহ স্থানীয় শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব, চিকিৎসক, সাংবাদিক, কৃষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








