রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ ও নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ককটেল, মাদকদ্রব্য, জাল টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৪৭ জন মিরপুর বিভাগ থেকে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯১ জন, লালবাগে ৬০ জন, উত্তরা বিভাগে ৫৫ জন, মতিঝিলে ৫২ জন, গুলশানে ৫০ জন, ওয়ারীতে ৪৮ জন এবং রমনা বিভাগে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) একজন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) চারজনকে গ্রেপ্তার করেছে।
অভিযান চলাকালে পুলিশ তিনটি ককটেল ও তিনটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করে। এ ছাড়া ছয় কেজি গাঁজা, ২০৭ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, এক হাজার টাকার ৯২৫টি জাল নোট এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে এসব গ্রেপ্তার ও উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








