দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৩ জনে।
শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া দুজনই ঢাকা বিভাগের বাসিন্দা। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যেও শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে ৪৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬৭ জন, খুলনায় ১৬০ জন, বরিশালে ১৪৭ জন, রাজশাহীতে ৮৯ জন, ময়মনসিংহে ৭৬ জন, রংপুরে ৭৬ জন এবং সিলেট বিভাগে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৮৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের দুই সিটি করপোরেশন এলাকাসহ মোট ২৩৮ জনের মৃত্যু হয়েছে, যা দেশের মোট মৃত্যুর প্রায় অর্ধেক।
বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে ঢাকা বিভাগের পর রয়েছে খুলনা। এ বিভাগে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৮৫ জন। এ ছাড়া চট্টগ্রামে ৪৭ জন, ময়মনসিংহে ৩৯ জন, বরিশালে ৩২ জন, রাজশাহীতে ৩০ জন, রংপুরে আটজন এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








