রান্নাঘরের ব্যবহৃত তেল থেকে উড়োজাহাজের পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে আন্তর্জাতিক পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের ছয় সদস্যের দল ‘টিম ল্যাজারাস’। হংকংয়ে অনুষ্ঠিত ডেটা ডেভেলপমেন্ট প্রাইজ (ডিডিপি) ২০২৬ কেস কম্পিটিশনে এ সাফল্য অর্জন করে দলটি। দলের নেতৃত্বে ছিলেন রাঙামাটির সন্তান মো. হোসাইন ভূঁইয়া।
জাতীয় পর্যায়ে এক হাজারের বেশি শিক্ষার্থীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার পর আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দলটি। রাঙামাটির এক তরুণের নেতৃত্বে এমন আন্তর্জাতিক অর্জন পার্বত্য অঞ্চলের তরুণদের মধ্যেও নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে।
হোসাইন ভূঁইয়া বর্তমানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ) অধ্যয়ন করছেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সদস্যদের নিয়ে গঠিত দলটির সমন্বয়, পরিকল্পনা এবং প্রতিযোগিতার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
টিম ল্যাজারাসের যাত্রা শুরু হয় ডেটা ডেভেলপমেন্ট প্রাইজ ২০২৬-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার মাধ্যমে। প্রাথমিক ধাপে অনলাইন কুইজের মাধ্যমে নির্বাচিত হন ৩০ জন প্রতিযোগী। পরে তাঁদের ছয়জন করে পাঁচটি দলে ভাগ করা হয়। আগে থেকে পরিচিতি কিংবা নিজেদের পছন্দ অনুযায়ী সদস্য নির্বাচনের সুযোগ ছিল না; বরং লটারির মাধ্যমে দল গঠন করা হয়।
এভাবেই গঠিত হয় ছয় সদস্যের টিম ল্যাজারাস। জাতীয় পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি চ্যাম্পিয়ন হয়। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হয়।
দলটির সদস্যরা হলেন মো. হোসাইন ভূঁইয়া (আইইউবিএটি), আরিয়ান আইদিদ (বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়), সায়েদা ফাবিহা (ঢাকা বিশ্ববিদ্যালয়), সুরভি (গ্রিন ইউনিভার্সিটি), আতীকুর রহমান (বিজিএমইএ) এবং আমিত (বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়)। আমিত বিকল্প সদস্য হওয়ায় আন্তর্জাতিক পর্বে অংশ নেননি।
আন্তর্জাতিক পর্বে দলটির প্রকল্পের নাম ছিল ‘নেক্সা ফুয়েল: ফ্রম ওয়েস্ট টু উইংস’। প্রকল্পটির মূল ধারণা হলো ব্যবহৃত রান্নার তেল থেকে সাসটেইনেবল এভিয়েশন ফুয়েল (এসএএফ) বা টেকসই উড়োজাহাজের জ্বালানি উৎপাদনের সম্ভাবনা তৈরি করা।
বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলের কারণে কার্বন নিঃসরণ কমানোর প্রয়োজনীয়তা বাড়ছে। অন্যদিকে, হোটেল, রেস্তোরাঁ ও বাসাবাড়ি থেকে প্রতিদিন বিপুল পরিমাণ ব্যবহৃত রান্নার তেল উৎপন্ন হচ্ছে। সঠিক ব্যবস্থাপনার অভাবে এসব তেল পরিবেশদূষণের কারণ হতে পারে। এই বর্জ্যকে সম্ভাবনাময় সম্পদে রূপান্তরের চিন্তা থেকেই নেক্সা ফুয়েল প্রকল্পের পরিকল্পনা তৈরি করে দলটি।
তাদের প্রস্তাবিত ব্যবসায়িক মডেল অনুযায়ী, বাংলাদেশ থেকে ব্যবহৃত রান্নার তেল সংগ্রহ করে সিঙ্গাপুরে পাঠানো হবে। সেখানে প্রক্রিয়াজাত করে তা থেকে উড়োজাহাজের জ্বালানি উৎপাদনের পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে উৎপাদিত জ্বালানি বাংলাদেশে সরবরাহের ব্যবসায়িক সম্ভাবনাও তুলে ধরেছে দলটি।
দলটির ধারণা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, বিকল্প জ্বালানি উৎপাদন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশদূষণ কমানোর সুযোগ তৈরি হতে পারে। অর্থাৎ, পরিবেশের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে এমন ব্যবহৃত রান্নার তেলকেই অর্থনৈতিক সম্পদে পরিণত করার সম্ভাবনা দেখিয়েছে তারা।
তবে জাতীয় পর্যায়ে টিম ল্যাজারাসের প্রকল্পের ধারণা ছিল ভিন্ন। সে সময় তারা ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের পোশাকশিল্পে পানিদূষণ, বায়ুদূষণ ও সম্পদের অপচয় কমানোর পরিকল্পনা উপস্থাপন করে।
কারখানায় বিশেষ ডিভাইস স্থাপনের মাধ্যমে পরিবেশগত তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ এবং দূষণ ও অপচয় নিয়ন্ত্রণের পরিকল্পনা ছিল তাদের। পাশাপাশি প্রযুক্তিটি ব্যবহারের মাধ্যমে কীভাবে কারখানাগুলো আর্থিকভাবে লাভবান হতে পারে, সেটিও তুলে ধরে দলটি।
জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রকল্পের ধারণায় পরিবর্তন এনে নতুন ব্যবসায়িক মডেল তৈরি করে তারা। আন্তর্জাতিক পর্বে প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি প্রকল্পের আর্থিক সম্ভাবনা, বিনিয়োগ ও বাস্তবায়নযোগ্যতার বিষয়গুলো গুরুত্ব পায়।
হংকংয়ে বিভিন্ন দেশের প্রতিযোগীদের সামনে নিজেদের প্রকল্প ও ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করে টিম ল্যাজারাস। প্রতিযোগিতার ফলাফল ঘোষণার পর আন্তর্জাতিক পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে দলটি। জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়নশিপের পর আন্তর্জাতিক এ সাফল্য তাদের গবেষণা, প্রস্তুতি ও দলগত প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এসেছে।
দলটির এ অর্জনের পেছনে সদস্যদের গবেষণা, পরিকল্পনা, আর্থিক বিশ্লেষণ ও সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সদস্যদের মধ্যে সমন্বয় করে কার্যকর উপস্থাপনা তৈরি করাও ছিল অন্যতম চ্যালেঞ্জ।
এ যাত্রায় পরিবারের অনুপ্রেরণা, মেন্টরদের দিকনির্দেশনা এবং সহযোগিতার পাশাপাশি ডেটাডেভেলপ কনসাল্টিং লিমিটেড ও একাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশের পৃষ্ঠপোষকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতিষ্ঠান দুটির পূর্ণ স্পনসরশিপের মাধ্যমে হংকংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান দলের সদস্যরা।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যের পাশাপাশি নেক্সা ফুয়েল প্রকল্পটি বাস্তবে রূপ দেওয়ার আগ্রহও রয়েছে দলটির। প্রয়োজনীয় বিনিয়োগ, প্রযুক্তিগত সহযোগিতা এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রকল্পটি আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
রাঙামাটির মাটি থেকে উঠে এসে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে দ্বিতীয় স্থান অর্জন হোসাইন ভূঁইয়া ও তাঁর দলের জন্য এক উল্লেখযোগ্য সাফল্য। একই সঙ্গে এ অর্জন পার্বত্য অঞ্চলের তরুণদের মেধা, উদ্ভাবনী চিন্তা ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের তুলে ধরার সম্ভাবনাকে নতুন করে সামনে এনেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








