লিওনেল মেসি নেই, তাই আর্জেন্টিনার নতুন প্রজন্মের ফুটবলারদের দিকে এখন বাড়তি নজর। তবে এক ম্যাচেই তাদের কাছ থেকে বড় কিছু আশা করতে রাজি নন কোচ লিওনেল স্কালোনি। উরুগুয়ের কাছে প্রীতি ম্যাচে হারের পর তরুণ ফুটবলারদের পাশে দাঁড়িয়েছেন তিনি। স্কালোনির মতে, জাতীয় দলের পুরো দায়িত্ব তরুণদের কাঁধে চাপিয়ে দেওয়া ঠিক হবে না। তাদের সময় দিতে হবে এবং নির্ভার হয়ে খেলার সুযোগ করে দিতে হবে।
শনিবার লা বোম্বোনেরায় উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারে আর্জেন্টিনা। তবে হারের পরও দলের পারফরম্যান্সে ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন স্কালোনি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি। একই সঙ্গে ভুলত্রুটি সংশোধন করে সামনে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ।
ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘দ্বিতীয়ার্ধে বিশেষ করে দলের ভালো কিছু মুহূর্ত দেখেছি। স্বাভাবিকভাবেই কিছু জায়গায় সংশোধন আনতে হবে। আমরা জানতাম, প্রতিপক্ষ কঠিন হবে। আমাদের কাজ হলো অনুশীলন চালিয়ে যাওয়া।’
মেসি-পরবর্তী সময়ে আর্জেন্টিনা দলে নতুন মুখদের সুযোগ দেওয়া হচ্ছে। এই পরিবর্তনের প্রক্রিয়ায় তরুণদের ওপর অতিরিক্ত প্রত্যাশা না রাখার আহ্বান জানিয়েছেন স্কালোনি। তিনি বলেন, ‘তারা তরুণ খেলোয়াড়। আমরা বিশ্বাস করি, তাদের সঠিক সময়ে সুযোগ দিতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আজ তারা নিজেদের স্বাভাবিক খেলাটা উপভোগ করার মতো পরিস্থিতি পায়নি। আমাদের ধৈর্য ধরতে হবে। তারা নিজেদের সর্বোচ্চটা দেবে। কিন্তু আমরা তাদের কাঁধে পুরো দলের ভার চাপিয়ে দিতে পারি না। বিশেষ করে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কাজটা কঠিন।’
তরুণদের ধীরে ধীরে জাতীয় দলের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দিতে চান আর্জেন্টিনার কোচ। তার ভাষায়, ‘তাদের এই জার্সিতে খেলার সঙ্গে অভ্যস্ত হওয়ার সুযোগ দিতে চাই। দলকে সব সময় অস্থিরতার মধ্যে রাখতে চাই না। আমরা চাই, এই খেলোয়াড়েরা যেন আরও ভালো পরিবেশ পায়।’
ধৈর্য ধরার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে স্কালোনি বলেন, ‘আমি যখন ধৈর্যের কথা বলি, তখন পুরো প্রক্রিয়া ও দলকে সময় দেওয়ার কথা বলি। খেলোয়াড়দের শান্তভাবে খেলতে দিতে হবে। আমরা জানি, দলের তারকা খেলোয়াড়েরা এখানে নেই। যারা আছে, তারাও ভালো। তাদের সময় দিতে হবে। অবশ্যই আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। তবে তরুণেরাই ম্যাচ জেতাবে, এমনটা ভাবা ঠিক নয়। আশা করি তারা তা পারবে, কিন্তু এখনই তাদের ওপর সেই দায়িত্ব চাপিয়ে দেওয়া উচিত হবে না।’
উরুগুয়ের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোর চেষ্টাও ভালো লেগেছে স্কালোনির। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দুই গোলে পিছিয়ে পড়ার পর দলের খেলা নিয়ে আমি সন্তুষ্ট। খেলোয়াড়েরা ধৈর্য ধরেছে, নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করেছে।’
হার নিয়ে হতাশা থাকলেও প্রতিপক্ষের প্রশংসা করেছেন আর্জেন্টাইন কোচ। তার মতে, হারেরও ধরন আছে। ম্যাচে আর্জেন্টিনার গোলের সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু সেগুলো কাজে লাগানো যায়নি। অন্যদিকে উরুগুয়ে তাদের কঠিন পরিস্থিতিতে ফেলেছিল। শেষ পর্যন্ত চেষ্টা করেও প্রত্যাশিত ফল পায়নি আর্জেন্টিনা।
এদিকে আগামী ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে পরবর্তী প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচে দলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। কয়েকজন খেলোয়াড় আবারও সুযোগ পেতে পারেন বলে জানিয়েছেন তিনি।
উরুগুয়ের বিপক্ষে অধিনায়ক হিসেবে অভিষেক হওয়া গোলরক্ষক জেরোনিমো রুলির পাশেও দাঁড়িয়েছেন আর্জেন্টিনার কোচ। গোল হজমের জন্য রুলিকে দায়ী করতে নারাজ তিনি। স্কালোনি বলেন, ‘রুলি নির্ভরযোগ্য একজন গোলরক্ষক। গোলগুলোর জন্য তার কোনো দায় ছিল না। আমরা তার পারফরম্যান্সে খুশি।’
সবশেষে দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে স্কালোনি বলেন, ‘আমাদের এগিয়ে যেতে হবে। আর্জেন্টিনা জাতীয় দল হিসেবে সব সময় সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার দায়িত্ব রয়েছে। আর উন্নতির পথ হলো ম্যাচ খেলা এবং তরুণদের সুযোগ দেওয়া।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








