‘সুস্থতার জন্য দৌড়’ স্লোগানে চাঁদপুরের হাজীগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ৬ কিলোমিটার মিনি ম্যারাথন-২০২৬। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে শনিবার (১৪ নভেম্বর) ভোরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী ৭৫৬ জন প্রতিযোগী অংশ নেন।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে ম্যারাথন শুরু হয়। পরে হাজীগঞ্জ বাজার, বিশ্বরোড ও বদরপুর মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় দৌড় প্রতিযোগিতাটি।
বয়সভিত্তিক চারটি ক্যাটাগরিতে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মিজানুর রহমান সেলিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসাইন জানান, তরুণ প্রজন্মসহ সব বয়সী মানুষের মধ্যে শরীরচর্চা, খেলাধুলা ও স্বাস্থ্যসচেতনতা বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
প্রতিযোগিতাটি সফল করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন ও হাজীগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে।
প্রতিযোগিতা শেষে প্রতিটি ক্যাটাগরির প্রথম তিনজনকে ক্রেস্ট, নগদ অর্থ ও মেডেল প্রদান করা হয়। এ ছাড়া প্রতিটি গ্রুপের আরও ২০ জন প্রতিযোগীকে মেডেল দেওয়া হয়। প্রথমবারের মতো এমন আয়োজনে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন বিজয়ীসহ অন্যান্য প্রতিযোগীরা।
আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করা হবে। এর মাধ্যমে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলায় মানুষকে উৎসাহিত করার পাশাপাশি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








