রাঙামাটির বাঘাইছড়িতে কঠিন চীবর দান উৎসব-২০২৬ উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান পরিদর্শন এবং ৩০টি অসহায় ও সুবিধাবঞ্চিত বৌদ্ধ পরিবারের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার জীবঙ্গছাড়া নবরত্ন বৌদ্ধ বিহার ও কাচালং আর্য্যপুর ধর্ম্মোজ্জ্বল বন বিহারে আয়োজিত অনুষ্ঠান পরিদর্শন করেন মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, এডি। এ সময় তিনি বিহারের সভাপতি, ধর্মীয় নেতৃবৃন্দ ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠান উপলক্ষে জোন কমান্ডারের পক্ষ থেকে ৩০টি অসহায় ও সুবিধাবঞ্চিত বৌদ্ধ পরিবারের মধ্যে পুরুষদের ফতুয়া, নারীদের থামি, পোলাওয়ের চাল, ডাল, ভোজ্যতেল ও চিনি বিতরণ করা হয়।
এ সময় জোন কমান্ডার বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ‘পাহাড়ী-বাঙ্গালী আমরা সবাই বাংলাদেশী’—এই মূলমন্ত্র ধারণ করে ধর্ম, বর্ণ ও গোত্রনির্বিশেষে সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখা জরুরি। ধর্মীয় উৎসব আমাদের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। সবাই মিলেমিশে থাকলে শক্তিশালী ও ঐক্যবদ্ধ জাতি গঠন সম্ভব, যা দেশের সার্বিক উন্নয়নে সহায়ক হবে।
অনুষ্ঠানে মারিশ্যা জোনের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








