নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ক্লাব লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সাংগঠনিক কার্যক্রম গতিশীল, গঠনতন্ত্র অনুসরণ এবং নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে স্থায়ী কমিটি গঠনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) দিনব্যাপী পূর্বাচলের ১৩ নম্বর সেক্টরে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় ক্লাবের সদস্যদের পাশাপাশি রাজধানীর অন্তত ২০টি ক্লাবের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় পূর্বাচল ক্লাবের এডহক কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ক্লাবের ভবিষ্যৎ সাংগঠনিক কাঠামো, পরিচালনা পদ্ধতি ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে স্থায়ী কমিটি গঠন না হওয়া পর্যন্ত এডহক কমিটির মাধ্যমে কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় গুলশান ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, ক্যাপিটাল ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, রয়েল ক্লাব, বোর্ড ক্লাব, উত্তরা ক্লাব, ঢাকা ক্লাব, বনানী ক্লাব, ধানমন্ডি ক্লাব, অফিসার্স ক্লাব, অল কমিউনিটি ক্লাব, ফ্লাইং ক্লাব ও রিয়েল এস্টেট ক্লাবসহ বিভিন্ন ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও পরিচালনা পর্ষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন পূর্বাচল ক্লাবের উপদেষ্টা ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, এডহক কমিটির সদস্যসচিব এসএম আবদুল্লাহ বিন শফিক, কমিটির সদস্য ও কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম, সংসদ সদস্য খন্দকার আবু আশফাকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।
সভায় বক্তারা ক্লাবের সাংগঠনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সদস্যদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন। গঠনতন্ত্র অনুসরণ করে একটি সুশৃঙ্খল, কার্যকর ও আধুনিক ক্লাব পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








