ব্যাপক প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত হচ্ছে না মৌলভীবাজারের কুলাউড়ায় মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প বাণিজ্য মেলা। জেলা প্রশাসনের অনুমতি না পাওয়ায় মেলার আয়োজন স্থগিত করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, মেলার জন্য নির্মিত অস্থায়ী স্টল ও দোকানের কাঠামো খুলে সরিয়ে নেওয়া হচ্ছে। ১৫ ও ১৬ নভেম্বর কুলাউড়া শহরের নবীন চন্দ্র মডেল উচ্চবিদ্যালয় মাঠে মেলার উদ্বোধনের কথা ছিল। এ উপলক্ষে মাঠে বাঁশ দিয়ে বিভিন্ন স্টল ও দোকানের কাঠামো নির্মাণ করা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত মেলা আয়োজন করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে মেলা কমিটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আকই বলেন, ব্যবসায়ী সমিতির অভিযোগ এবং সামনে শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় জেলা প্রশাসক হয়তো মেলার অনুমতি দেননি। মেলা কমিটি নিজেরাই আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য জেলা প্রশাসক ও মেলা কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস বলেন, সরকারি নিয়ম অনুযায়ী সরকারি খেলার মাঠে বাণিজ্য মেলা আয়োজনের সুযোগ নেই। কী বিবেচনায় সেখানে মেলার প্রস্তুতি নেওয়া হয়েছিল, তা প্রশাসনের জানা নেই। খেলার মাঠে মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়নি, ভবিষ্যতেও দেওয়া হবে না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








