বাবার সঙ্গে সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়েছিল ১৩ বছরের সিয়াম। এরপর আর বাড়ি ফেরা হয়নি তার। দুই দিন পর সেই নদী থেকেই উদ্ধার হলো শিশুটির নিথর দেহ। শরীরের ঘাড়, পিঠ ও মাথায় ছিল জখমের চিহ্ন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার বাক্প্রতিবন্ধী বাবা আরিফ রাঢীকে থানায় নেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী লঞ্চঘাটসংলগ্ন সন্ধ্যা নদী থেকে সিয়ামের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। সিয়াম ও তার পরিবার দীর্ঘ ১৬ বছর ধরে রাজবাড়ী এলাকার একটি আবাসন প্রকল্পে বসবাস করে আসছিল।
নিহত সিয়ামের মা মুন্নী বেগম জানান, বৃহস্পতিবার বিকেলে তার স্বামী আরিফ রাঢী সিয়ামকে নিয়ে নদীতে ইলিশ মাছ ধরতে যান। রাত ৮টা পর্যন্ত তারা বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে লঞ্চঘাটে স্বামীকে দেখতে পেলেও ছেলের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে চলে যান। এরপর আর বাড়িতে ফেরেননি। ১৩ নভেম্বর ছেলের নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। পরদিন সকালে নদীতে ছেলের লাশ ভাসার খবর পান।
রাজবাড়ী লঞ্চঘাট থেকে সেহাংগল লঞ্চঘাটে খেয়া পারাপারের মাঝি জসীম উদ্দীন বলেন, শনিবার সকাল ৮টার দিকে লঞ্চ টার্মিনালের সামনে নদীতে একটি শিশুর লাশ ভাসতে দেখেন তিনি। পরে স্থানীয় লোকজন এসে লাশটি সিয়ামের বলে শনাক্ত করেন। উদ্ধারের সময় শিশুটির শরীরে কোপের মতো দাগও দেখা যায়।
রাজবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আসাদুজ্জামান খোকন বলেন, বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে সিয়াম নিখোঁজ হয়েছিল বলে তিনি শুনেছেন। শনিবার তার লাশ উদ্ধার করা হয়েছে। শরীরের পেছনে ঘাড়, মাথা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।
নেছারাবাদ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত জানান, লাশ উদ্ধারের সময় শিশুটির ঘাড়, পিঠ ও মাথায় জখমের চিহ্ন দেখা গেছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ১২ নভেম্বর বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে সিয়াম নিখোঁজ হয়। এ ঘটনায় শুক্রবার থানায় নিখোঁজের ডায়েরি করা হয়। শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা আরিফ রাঢীকে থানায় নেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








