ফুটবল খেলতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরা হলো না পাবনা জেলা দলের তরুণ ফুটবলার সুমনের (২৩)। খেলার মাঠে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে পাবনার আতাইকুলা থানার কুচিয়ামোড়া বাজারের সন্ন্যাসীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন পাবনা সদর উপজেলার জালালপুর নতুনপাড়া গ্রামের রেজাউলের ছেলে। তিনি পাবনা জেলা ফুটবল দলের খেলোয়াড় ছিলেন।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার দুপুরে জালালপুর থেকে করিমনে করে আতাইকুলা থানার শ্রীকোল-সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ মাঠে ফুটবল খেলতে যাচ্ছিলেন সুমন। পথে কুচিয়ামোড়া বাজারের সন্ন্যাসীতলা এলাকায় করিমনের সামনে হঠাৎ একটি অটোভ্যান চলে আসে। এ সময় চালক দ্রুত ব্রেক করলে করিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে করিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








