সুনামগঞ্জের দিরাইয়ে একই দিনে পৃথক দুটি বৃত্তি পরীক্ষায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ১ হাজার ৩৪৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে লোকনাথ-সরলা-কুমুদ-রেবা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ১ হাজার ৮৭ জন শিক্ষার্থী অংশ নেয়। ফাউন্ডেশনটির চেয়ারম্যান বাবু নারায়ণ দাস।
অন্যদিকে, একই দিন দুপুরে দিরাই উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয় মোছা. কুলসুম বিবি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬। এতে পঞ্চম শ্রেণির ২৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। লন্ডনপ্রবাসী রাশিকুল ইসলামের উদ্যোগে আয়োজিত এ পরীক্ষার ফাউন্ডার চেয়ারম্যান তিনি।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন গ্রামীণ জনকল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ ভোক্তা অধিকারের চেয়ারম্যান জামিল চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন দিরাই প্রেস ক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, জাসদ নেতা আমিনুল ইসলাম (আমিন), বকুল বণিক, আব্দুল আলীম সর্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকেরা।
রাশিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং মেধাবীদের উৎসাহিত করতেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








