পোশাক কারখানায় ভাঙচুর, সড়ক অবরোধ ও শ্রমিক অসন্তোষ অব্যাহত থাকলে এবং শ্রমিকরা কাজে যোগ না দিলে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে তৈরি পোশাকশিল্পের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠন দুটির নেতারা। এতে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান।
সংবাদ সম্মেলনে মাহমুদ হাসান খান বলেন, নিম্নতম মজুরির দাবিকে কেন্দ্র করে একটি মহল পোশাকশিল্পে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এর প্রভাবে আশুলিয়া, সাভার ও গাজীপুরের বেশ কিছু শিল্পপ্রতিষ্ঠানে গত ৭ থেকে ১২ দিন ধরে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে।
তিনি জানান, সার্বিক পরিস্থিতি ও শিল্পের নিরাপত্তা বিবেচনায় বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত কারখানার মালিকরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। নিরাপত্তা ও উৎপাদনের উপযুক্ত পরিবেশ না থাকায় সংশ্লিষ্ট এলাকার কারখানাগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় শ্রম আইন অনুসরণ করে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখতে পারেন মালিকরা।
এ প্রসঙ্গে শ্রম আইনের ১৩(১) ধারার উল্লেখ করে তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘট হলে মালিক চাইলে ওই শাখা বা প্রতিষ্ঠান আংশিক কিংবা সম্পূর্ণ বন্ধ রাখতে পারেন। এ ধরনের বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকরা কোনো মজুরি পাবেন না।
শ্রমিক অসন্তোষের কারণে ইতোমধ্যে ১৪৭টি কারখানা বন্ধ রয়েছে জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, অধিকাংশ শ্রমিকই কাজে ফিরতে আগ্রহী এবং শান্তিপূর্ণ পরিবেশে কাজ করতে চান। কিন্তু কিছু শ্রমিক বাইরের মহলের উসকানিতে কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তারা নিজেরা কাজে অংশ নিচ্ছেন না, পাশাপাশি অন্য শ্রমিকদেরও কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন।
তিনি আরও অভিযোগ করেন, কারখানার ভেতরে ভীতিকর পরিস্থিতি তৈরি করার পাশাপাশি শ্রমিকদের জোর করে বাইরে বের করে দেওয়া হচ্ছে। পরে দলবদ্ধ হয়ে অন্য কারখানার প্রধান ফটকে ইট-পাটকেলসহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করা হচ্ছে এবং সেখানকার শ্রমিকদেরও জোরপূর্বক বের করে আনা হচ্ছে। এতে শিল্পাঞ্চলের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মাহমুদ হাসান খান। তিনি বলেন, মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধিরা জানিয়েছেন, চলমান ভাঙচুর ও বিশৃঙ্খলার সঙ্গে তাদের কিংবা কোনো শ্রমিক সংগঠনের সম্পৃক্ততা নেই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগ যথেষ্ট কার্যকর হয়নি। মাঠপর্যায়ের অনেক নেতা ও শ্রমিক প্রতিনিধি সাধারণ শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, শনিবার বিজিএমইএ ও বিকেএমইএর জরুরি সভায় দেড় হাজারের বেশি কারখানার মালিক অংশ নেন। সভায় তারা জানিয়েছেন, ভাঙচুর ও সড়ক অবরোধ চলতে থাকলে একই সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে। তারপরও দায়িত্বশীল অবস্থান থেকে আগামী ১৬ নভেম্বর মজুরি বোর্ডের বৈঠকে মালিকপক্ষ অংশ নেবে।
মজুরি বোর্ডের কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, গত ১ নভেম্বর মজুরি বোর্ড গঠিত হয়েছে। অথচ শ্রমিক অসন্তোষ শুরু হয়েছে অক্টোবরের শেষ সপ্তাহে। মজুরি-সংক্রান্ত দাবি থাকলে বোর্ড গঠনের পরও আন্দোলন ও কারখানা ভাঙচুর অব্যাহত রাখার যৌক্তিকতা নেই বলে মনে করেন তিনি।
মাহমুদ হাসান খানের দাবি, মজুরি বোর্ডের প্রথম সভাতেই নতুন মজুরি কার্যকরের সময়সীমা জানানো হয়েছে। এরপরও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে মালিকদের চাপ দিয়ে অযৌক্তিক মজুরি ঘোষণা করানোর চেষ্টা কিংবা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে।
অন্যদিকে, বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না, যাতে পুরো পোশাকশিল্প হুমকির মুখে পড়ে। এ খাতকে টিকিয়ে রাখতে মালিক ও শ্রমিক উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








