ছাতক-দোয়ারাবাজারের কাঙ্ক্ষিত উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
রবিবার (১৫ নভেম্বর) সকালে ছাতক পৌরসভা এলাকায় কয়েকটি উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য মিলন বলেন, ছাতক পৌরসভা থেকে সুরমা সেতুর পাগল হাসান চত্বর পর্যন্ত চার লেন এবং গোবিন্দগঞ্জ থেকে হাসান চত্বর পর্যন্ত দুই লেন সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের এ দুটি প্রকল্পে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় হচ্ছে। এ ছাড়া ছাতক-দোয়ারাবাজার ও পৌরসভার বিভিন্ন এলাকায় শত কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে।
তিনি আরও বলেন, সরকারের সহায়তা ও অনুদানে ছাতক পৌরসভাকে আধুনিক নগর এবং ছাতক-দোয়ারাবাজারকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও সরকারি কর্মকর্তাদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
এদিন সংসদ সদস্য ছাতক পৌরসভা ভবনের পশ্চিম পাশে ৪১ লাখ ২১ হাজার ২১৪ টাকা ব্যয়ে নির্মিত ইউনিব্লক রাস্তার উদ্বোধন করেন। একই সঙ্গে প্রায় ২৯ লাখ টাকা ব্যয়ে চরেরবন্দ জামে মসজিদ থেকে পৌর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা নির্মাণকাজের উদ্বোধন এবং ১৮ লাখ ১ হাজার ৪৫৯ টাকা ব্যয়ে মন্ডলীভোগ সরকারি পুকুরের (ছাতক হাইস্কুল পুকুর) সৌন্দর্যবর্ধনকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন, পৌরসভার প্রকৌশলী আব্দুল মালেক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








