মানুষের তৈরি সবচেয়ে দূরবর্তী মহাকাশযান নাসার ভয়েজার-১ এবার মহাকাশ অভিযানে নতুন এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। পৃথিবী থেকে যাত্রা শুরুর প্রায় ৪৯ বছর পর মহাকাশযানটি এমন দূরত্বে পৌঁছাতে যাচ্ছে, যেখান থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগবে পুরো এক দিন। মহাকাশবিজ্ঞানের ভাষায় এই দূরত্বকে বলা হয় ‘এক আলোকদিন’।
১৯৭৭ সালে যাত্রা শুরু করা ভয়েজার-১ ইতিমধ্যে সৌরজগতের সীমানা পেরিয়ে আন্তনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করেছে। এখন এটি পৃথিবী থেকে প্রায় ১৬০০ কোটি মাইল বা ২৬০০ কোটি কিলোমিটার দূরত্ব অতিক্রমের অপেক্ষায়। নাসার হিসাব অনুযায়ী, বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ভোর ৫টা ১৬ মিনিটে এই মাইলফলক স্পর্শ করবে মহাকাশযানটি।
প্রতি ঘণ্টায় প্রায় ৩৮ হাজার মাইল বা ৬১ হাজার কিলোমিটার বেগে এগিয়ে চলেছে ভয়েজার-১। মহাকাশের প্রায় শূন্য পরিবেশে এত দীর্ঘ সময় ধরে সচল থাকা এবং এত দূর থেকেও মহাকাশযানটির সঙ্গে যোগাযোগ বজায় রাখতে পারাকে বড় প্রকৌশলগত সাফল্য হিসেবে দেখছেন বিজ্ঞানীরা।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির মহাকাশ বিকিরণ গবেষণাগারের জ্যোতির্পদার্থবিজ্ঞানী অ্যালান কামিংস বলেন, ‘আমি এটিকে প্রকৌশলগত একটি মাইলফলক হিসেবে দেখি। ভয়েজার-১-এর দীর্ঘস্থায়িত্ব যেমন বিস্ময়কর, তেমনি এত দূরত্ব থেকেও এর সঙ্গে যোগাযোগ রাখতে পারা বড় অর্জন।’
এক আলোকদিন বলতে আলো ২৪ ঘণ্টায় যে দূরত্ব অতিক্রম করে, সেটিকে বোঝায়। অন্যদিকে এক আলোকবর্ষ হলো আলো এক বছরে যে দূরত্ব পাড়ি দেয়। এর পরিমাণ প্রায় ৫ দশমিক ৯ ট্রিলিয়ন মাইল বা ৯ দশমিক ৫ ট্রিলিয়ন কিলোমিটার। আমাদের সৌরজগতের বাইরে সবচেয়ে কাছের নক্ষত্রমণ্ডল আলফা সেন্টারির দূরত্ব পৃথিবী থেকে প্রায় ৪ দশমিক ২৪ আলোকবর্ষ।
দুই যমজ মহাকাশযানের অভিযান
১৯৭৭ সালে ভয়েজার-১ ও ভয়েজার-২ নামের দুটি মহাকাশযান উৎক্ষেপণ করে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সৌরজগতের বাইরের গ্রহগুলো অনুসন্ধান করাই ছিল তাদের মূল লক্ষ্য। ভয়েজার-২ উৎক্ষেপণের ১৬ দিন পর ৫ সেপ্টেম্বর ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে টাইটান থ্রি-ই সেন্টর রকেটে করে যাত্রা শুরু করে ভয়েজার-১। তবে কয়েক মাসের মধ্যেই এটি তার যমজ মহাকাশযানকে ছাড়িয়ে যায়।
বৃহস্পতি ও শনিগ্রহ এবং তাদের উপগ্রহ সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাঠিয়েছে ভয়েজার-১। এটি বৃহস্পতির চারপাশে একটি সরু বলয় এবং থিবি ও মেটিস নামের দুটি নতুন উপগ্রহ শনাক্ত করে। শনিগ্রহের চারপাশেও পাঁচটি নতুন উপগ্রহের সন্ধান দেয় মহাকাশযানটি। এ ছাড়া শনির জি বলয় সম্পর্কে তথ্য পাঠায়।
অন্যদিকে ভিন্ন পথে যাত্রা করে ইউরেনাস ও নেপচুন গ্রহ অনুসন্ধান করে ভয়েজার-২। অ্যালান কামিংসের মতে, ২০৩৫ সালের নভেম্বর নাগাদ ভয়েজার-২-ও পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্বে পৌঁছাতে পারে।
২০১২ সালে সৌরবায়ু ও চৌম্বকক্ষেত্রের তৈরি সূর্যের চারপাশের সুরক্ষাবলয় হেলিওস্ফিয়ারের বাইরের প্রান্ত অতিক্রম করে আন্তনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে ভয়েজার-১। এরপরও এটি তথ্য সংগ্রহ করে পৃথিবীতে পাঠিয়ে যাচ্ছে। ২০১৮ সালে একই অঞ্চলে প্রবেশ করে ভয়েজার-২।

৫৩ বছরের কর্মজীবনের সঙ্গী
ভয়েজার অভিযানের সঙ্গে অ্যালান কামিংসের সম্পর্কও দীর্ঘদিনের। ১৯৭৩ সালে মহাকাশবিজ্ঞান নিয়ে গবেষণার সময় ঘটনাচক্রে তিনি এই অভিযানের বৈজ্ঞানিক দলে যুক্ত হন। এর আগে মহাকাশে বেলুন পাঠিয়ে মহাজাগতিক রশ্মি নিয়ে গবেষণা করছিলেন তিনি। কিন্তু সেই বেলুন নির্ধারিত স্থানে না নেমে পৃথিবী প্রদক্ষিণ করে শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নে গিয়ে পড়ে। এতে তার গবেষণার যন্ত্রটি নষ্ট হয়ে যায়।
এরপর ভয়েজার অভিযানে কাজের সুযোগ পান তিনি। তখন তার বয়স ছিল ২৯ বছর। বর্তমানে ৮২ বছর বয়সী কামিংস গত ৫৩ বছর ধরে এই অভিযানের তথ্য বিশ্লেষণ করছেন। তিনি বলেন, ‘বেলুনটি হারিয়ে যাওয়া আমার জন্য সৌভাগ্যের বিষয় হয়ে দাঁড়ায়। ভয়েজার অভিযানই আমার কর্মজীবনের মূল ভিত্তি।’
মহাকাশে পৃথিবীর পরিচয় বহন করছে স্বর্ণের রেকর্ড
ভয়েজার-১ ও ভয়েজার-২—দুটির সঙ্গেই রয়েছে স্বর্ণের প্রলেপ দেওয়া একটি বিশেষ রেকর্ড। এর নাম ‘গোল্ডেন রেকর্ড’। মহাকাশে কোনো বুদ্ধিমান ভিনগ্রহী প্রাণীর হাতে মহাকাশযান দুটি পৌঁছালে তারা যেন পৃথিবী ও মানবসভ্যতা সম্পর্কে ধারণা পেতে পারে, সে উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছে।
৩০ দশমিক ৫ সেন্টিমিটার ব্যাসের তামার চাকতিতে পৃথিবীর বিভিন্ন ছবি, শব্দ, সংগীত এবং ৫৫টি ভাষায় শুভেচ্ছাবার্তা সংরক্ষণ করা হয়েছে। এতে রয়েছে সংগীতশিল্পী চাক বেরির ‘জনি বি গুড’, বিটোফেনের পঞ্চম সিম্ফনি এবং অস্ট্রেলিয়ার আদিবাসীদের গান। পাশাপাশি পৃথিবীর অবস্থান শনাক্ত করার নির্দেশনাও রাখা হয়েছে।
তবে মহাকাশে পৃথিবীর অবস্থান জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন। তাদের আশঙ্কা, কোনো শত্রুভাবাপন্ন ভিনগ্রহী প্রাণী এই তথ্য পেয়ে পৃথিবীর জন্য হুমকি তৈরি করতে পারে। তবে কামিংস এ নিয়ে উদ্বিগ্ন নন। তার মতে, ভিনগ্রহীদের মহাকাশযান দুটি খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








