নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার ২ নম্বর ভোঁপাড়া ইউনিয়নের বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- জাহানগীরের ছেলে মো. আমির হামজা (৫), মান্নানের স্ত্রী মোছা. কাজল রেখা (৪৪), মস্তাফিজুরের স্ত্রী মোছা. জান্নাতুন (৩২), নারায়ণের ছেলে শ্রী তপন (৪০) এবং সেলিম মণ্ডলের স্ত্রী মোছা. রোজিনা (৩৪)। তারা সবাই ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে শিয়ালের কামড়ে তারা আহত হন। পরে তাদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় তাদের র্যাবিস ভ্যাকসিন ও র্যাবিস ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আহত জান্নাতুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ বিষয়ে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. রাশেদুল ইসলাম বলেন, ‘‘শিয়ালের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি র্যাবিস ভ্যাকসিন ও আরআইজি দেওয়া হয়েছে। তবে এ ধরনের কামড় থেকে জলাতঙ্কে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সংক্রামক ব্যাধি (ইনফেকশাস ডিজিজ) ওয়ার্ডে ভর্তি হওয়ার পরামর্শ দিয়ে পাঠানো হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








