নিউইয়র্কের ম্যানহাটনের একটি অ্যাপার্টমেন্টের আলমারিতে কয়েক দশক ধরে পড়ে ছিল একটি চিত্রকর্ম। পুরোনো কোট ও বাক্সের আড়ালে সেটি এমনভাবে রাখা ছিল যে, অনেকের কাছেই এর অস্তিত্ব ছিল অজানা। সম্প্রতি জানা গেল, এটি বিখ্যাত মার্কিন চিত্রশিল্পী জর্জিয়া ও’কিফের আঁকা একটি দুর্লভ চিত্রকর্ম।
নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টির হিসাব অনুযায়ী, চিত্রকর্মটির মূল্য ৩০ লাখ থেকে ৫০ লাখ ডলার। মঙ্গলবার চিত্রকর্মটি নিলামে তোলা হবে।
বিস্ময়কর বিষয় হলো, নব্বইয়ের কোঠায় থাকা ছবিটির মালিক একদিন হঠাৎ করেই তার ভাগনিকে বলেছিলেন, ‘ও হ্যাঁ, আলমারিতে জর্জিয়া ও’কিফের একটি ছবি আছে।’ এত দিন ধরে যে ছবি বাক্সবন্দী হয়ে পড়ে ছিল, সেটি যে শিল্পজগতের গুরুত্বপূর্ণ সম্পদ, তা পরিবারের সদস্যরাও পুরোপুরি বুঝতে পারেননি।
১৯৩০ সালে আঁকা ছবিটিতে নিউ মেক্সিকোর একটি প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। ছবির বিষয়বস্তু লোবো পিক নামের একটি পাহাড়, যা নিউ মেক্সিকোর তাওস এলাকায় অবস্থিত। বাদামি ও মাটির রঙের নানা আভায় আঁকা পাহাড়ি ভূদৃশ্যটি শিল্পীর আমেরিকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রকৃতির প্রতি আকৃষ্ট হওয়ার শুরুর দিকের কাজগুলোর একটি।
ক্রিস্টির তথ্য অনুযায়ী, ছবিটি সম্ভবত একই বিষয় নিয়ে আঁকা তিনটি চিত্রকর্মের প্রথমটি। দ্বিতীয়টি রয়েছে নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে। অন্যটি দীর্ঘদিন রকফেলার পরিবারের সংগ্রহে ছিল। প্রথম চিত্রকর্মটির অবস্থান এত দিন অনেকটাই অজানা ছিল।
ক্রিস্টির আমেরিকান শিল্প বিভাগের পরিচালক টাইলে অ্যাবট বলেন, ছবিটির সময়কাল এবং আমেরিকার দক্ষিণ-পশ্চিমাঞ্চল নিয়ে ও’কিফের কাজের সূচনাপর্বের প্রতিনিধিত্ব করার কারণে এটি বিশেষ গুরুত্বপূর্ণ।
১৯৬৩ সালে নিউইয়র্কের একটি শিল্পকর্মের গ্যালারি ছবিটি ৩ হাজার ৮০০ ডলারে বিক্রি করে। ক্রেতা ছিলেন এক নারী। পরে তিনি ছবিটি তার মেয়েকে উপহার দেন। সেই মেয়ে নিউইয়র্কের ইস্ট ভিলেজের অ্যাপার্টমেন্টে ছবিটি সংরক্ষণ করতেন। পরিবারের অনুরোধে নিলাম প্রতিষ্ঠান তাদের পরিচয় প্রকাশ করেনি।

পরিবারের ধারণা, ষাটের দশকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর মা মেয়েকে ছবিটি উপহার দিয়েছিলেন। ওই নারী একসময় ছবিটি ঘরে প্রদর্শন করতেন। তবে আশির দশকের মাঝামাঝি এক অতিথিকে ছবিটির দিকে অতিরিক্ত মনোযোগ দিতে দেখে তিনি সেটি সরিয়ে ফেলেন। মূল প্যাকেটের বাক্সে ভরে আলমারির পেছনে রেখে দেন।
সম্প্রতি প্রয়াত হওয়া ওই নারী জীবনের শেষ সময় পর্যন্ত ছবিটি সেখানেই রেখেছিলেন। ২০২২ সালের দিকে তিনি প্রথম ভাগনিকে ছবিটির কথা জানান। তবে চলতি বছর অ্যাপার্টমেন্ট পরিষ্কার করার সময় বাক্স থেকে ছবিটি বের করা হয়। তখনই এর গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে।
ছবিটি আসল কি না, তা নিয়েও সংশয় থাকেনি। এর পেছনে ও’কিফের স্বাক্ষরের বিশেষ চিহ্ন পাওয়া যায়। একটি তারকার আকৃতির মধ্যে শিল্পীর নামের আদ্যক্ষর ‘ওকে’ লেখা রয়েছে।
১৯৮৬ সালে ৯৮ বছর বয়সে মারা যান জর্জিয়া ও’কিফ। তাকে প্রায়ই ‘আমেরিকান আধুনিকতাবাদের জননী’ বলা হয়। নিজস্ব বিমূর্ত শিল্পরীতির জন্য পরিচিত এই শিল্পী ফুল এবং আমেরিকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক দৃশ্য এঁকে বিশেষ খ্যাতি অর্জন করেন।
নিউ মেক্সিকোর আবিকিউতে তিনি নিজের বাড়ি ও স্টুডিও গড়ে তুলেছিলেন। চারপাশের বিস্তীর্ণ মরুভূমি ও পাহাড়ি দৃশ্য তাঁর শিল্পকর্মে গভীর প্রভাব ফেলেছিল। কয়েক দশক ধরে আলমারিতে লুকিয়ে থাকা তার এই চিত্রকর্মের সন্ধান পাওয়া তাই শিল্পজগতের জন্য বিশেষ ঘটনা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








