শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের পরিপ্রেক্ষিতে গাজীপুরে ১৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া পরিস্থিতি বিবেচনায় আরও দুটি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি দেওয়া হয়েছে। শিল্পাঞ্চলের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি, ছয় প্লাটুন ব্যাটালিয়ন আনসার এবং এসআরবির সাতটি টহল দল দায়িত্ব পালন করছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে মহানগরীর কোনাবাড়ী এলাকায় এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন শ্রমিকেরা।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকেরা ছোটাছুটি করে সড়ক ছেড়ে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শিল্প পুলিশ জানায়, গত কয়েক সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। এর প্রভাবে বিভিন্ন এলাকায় কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। কোথাও কোথাও উৎপাদনও বন্ধ রয়েছে।
সোমবার গাজীপুরে ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। পাশাপাশি দুটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বিজিবি-৬৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান জানান, গাজীপুরে নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, গাজীপুর শিল্পাঞ্চলে অন্যান্য বাহিনীর পাশাপাশি ছয় প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, ধারাবাহিক শ্রমিক অসন্তোষের কারণে শ্রম আইন অনুযায়ী ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আজকের জন্য দুটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষ যেকোনো সময় সেগুলো খুলে দিতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








