ময়মনসিংহ নগরীতে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ্জামানকে (৩৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মেহেদী হাসান (৩১) নামে এক যুবককে গণপিটুনি দিলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সোমবার (১৬ নভেম্বর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী হাসানের মৃত্যু হয়। তিনি বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। তাঁর বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কোতোয়ালি থানার ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মজিদ মার্কেটসংলগ্ন এলাকায় নিজ বাড়ি থেকে শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন সুরুজ্জামান। পথে কয়েকজন দুর্বৃত্ত তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তাঁকে বুকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায় তারা।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত সুরুজ্জামান ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির সদস্য ছিলেন।
নিহতের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসার অভিযোগ করেন, এলাকায় বালু ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আওয়ামী লীগপন্থি একটি বালু ব্যবসায়ী গ্রুপের সঙ্গে তাঁর ভাইয়ের বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।
সুরুজ্জামানের চাচাতো ভাই সাদেক হোসেন অভিযোগ করেন, জাহাঙ্গীর আলম, তাঁর ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা এ হত্যাকাণ্ডে জড়িত।
এদিকে সুরুজ্জামান হত্যার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করেন। পরে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মেহেদী হাসানের বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। গভীর রাতে স্থানীয় লোকজন তাঁকে ধরে গণপিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পুলিশ তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতার হত্যাকাণ্ডের পর গণপিটুনির ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








